প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রফতানির বিপরীতে বিদেশি ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিল ডিসকাউন্টিং করা যাবে। এতে রফতানিকারক সব ধরনের ফিসহ সর্বোচ্চ ৬ শতাংশ সুদে বিদেশি ঋণ সুবিধা নিতে পারবেন। বৈদেশিক মুদ্রায় নেয়া এ ঋণ সর্বোচ্চ ৩০ দিন গ্রাহকের অ্যাকাউন্টে রাখা যাবে। গত সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
রফতানি বিলের বিপরীতে কমিশনের বিনিময়ে বর্তমানে দেশি ব্যাংক থেকে ঋণ নেয়া যায়। এই ঋণের জন্য গ্রাহককে বড় অঙ্কের সুদ দিতে হয়। তবে রফতানি বিলের বিপরীতে বিদেশি ব্যাংক থেকে ঋণের সুবিধার ফলে গ্রাহক সর্বোচ্চ ৬ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।
ঋণের অর্থ ৩০ দিন পর্যন্ত নিজের অ্যাকাউন্টে ধারণের সুবিধার ফলে তিনি তা দিয়ে আমদানিসহ সব ধরনের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটাতে পারবেন। তবে এই সুবিধার যেন অপব্যবহার না হয় সে লক্ষ্যে পরের মাসের ১৫ তারিখের মধ্যে ডিলার ব্যাংককে কেন্দ্রয় ব্যাংকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। আর প্রতিবেদনে কোনো অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংকের এ সুবিধা বাতিল করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রফতানির বিপরীতে বৈদেশিক মুদ্রায় ইউজ্যান্স বিলের প্রাপক তাত্ক্ষণিক তহবিল সংস্থানের প্রয়োজনে বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বিল বৈদেশিক মুদ্রায় ডিসকাউন্টিং করা যাবে। তবে এ ধরনের ক্ষেত্রে প্রকৃত রফতানির বিষয়টি নিশ্চিত হতে হবে।
