বেসরকারি খাতের ১০টি প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ৮ কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের বিদেশি ঋণ অনুমোদন দিয়েছে বিনিয়োগ বাছাই কমিটি। গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বেসরকারি খাতে বিদেশি ঋণ অনুমোদনে গঠিত বাছাই কমিটির ৭৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ঋণ অনুমোদন দেয়ার ফলে ডলারের দাম আরো স্থিতিশীল হবে এবং লেনদেন ভারসাম্যে ঘাটতি দূরসহ দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে বাছাই কমিটি আশা প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অনুমোদিত এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ লাইবরের (লন্ডন আন্তব্যাংক লেনদেন) চেয়ে চার দশমিক ৫০ শতাংশ। ঋণের জন্য অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— রিজেন্ট এনার্জি এন্ড পাওয়ার লিমিটেডকে পাঁচ কোটি দুই লাখ ডলার, টিএম টেক্সটাইল এন্ড গার্মেন্টসকে এক কোটি পাঁচ লাখ, ব্লু ওশান লিমিটেডকে ৫০ লাখ ডলার, উত্তরা ফুডস এন্ড ফিডস লিমিটেডকে ৭৮ লাখ ডলার, ইপিলিয়ন স্টাইল লিমিটেডকে ৩৭ লাখ ডলার, দাদা (ঢাকা) লিমিটেডকে ২০ লাখ ডলার, মাসি হাতা সোয়েটারস লিমিটেডকে ১৮ লাখ ডলার এবং বাকিগুলো ঋণ আরো তিন প্রতিষ্ঠানের নামে। উল্লেখ্য, গতবছরে (২০১২ সাল) বেসরকারি খাতে ১৪৯ কোটি এবং ২০১১ সালে ৮১ কোটি ডলারের ওপরে বিদেশি ঋণ অনুমোদন দিয়েছিল বাছাই কমিটি।
