নাইজেরিয়া গত বুধবার ডারবানে আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনালে মালিকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে। আফ্রিকার অন্যতম শক্তিধর দলটি ২০০০ সালের পর এই প্রথম আবারো শিরোপার কাছে চলে এলো। অন্যদিকে একই রাতে চলতি ন্যাশন্স কাপের বিস্ময় বুরকিনা ফাসো নেলসপ্রুটে পেনাল্টি শুট আউটে ঘানাকে হারিয়ে নাইজেরিয়ার সাথী হয়েছে। এই প্রথম দলটি শিরোপার এতটা কাছে পৌঁছালো।
নাইজেরিয়া ১৯৯৪ সালে সর্বশেষ নেশন্স কাপ শিরোপা জিতেছিল। ২০০০ সালে ফাইনালে সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া পেনাল্টি গোলে হেরে গিয়েছিল ক্যামেরুনের কাছে। অবশেষে এবার আবার ফাইনালে উঠেছে তারা।
নাইজেরিয়া ২৫ মিনিটে এলডারসন একহিজিলের গোলে এগিয়ে যায়। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাউন আইডিয়ে। ৪৪ মিনিটে ইমানুয়েল এমেনিকে এবং ৬০ মিনিটে আহমেদ মুসা নাইজেরিয়াকে ৪-০ গোলে এগিয়ে দেন। মালির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ৭৫ মিনিটে চিক দিয়ারা।
নেলসপ্রুটে বুরকিনা ফাসো ও ঘানার ম্যাচটি ৯০ মিনিটসহ আরো ৩০ মিনিট যোগ করেও ফলাফল ছিল ১-১ গোলে। পেনাল্টিতে বুরকিনা ফাসো ৩-২ গোলে ঘানাকে হারিয়ে দেয়। বুরকিনা ফাসো ছিল এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলগুলোর একটা। চমকে দিল তারাই। গ্রুপ পর্ব থেকেই দারুণ খেলার ফল পেল অবশেষে বুরকিনা ফাসো। দলটির কোচ পল পুট বলেন, ‘এখানে সব সময় বিস্ময়কর কিছু ঘটছে। মনে হয় এবারের সময়টা আমাদের।’
ঘানাকে ১৩ মিনিটে গোল করে এগিয়ে দেন ওয়াকাসো মুবারক। ওয়াকাসোর এটি টুর্নামেন্টে চতুর্থ গোল। এই ম্যাচেরটিসহ তিনটি গোল তিনি পেনাল্টি থেকে করেছেন। সমান চারটিই গোল করেছেন নাইজেরিয়ার এমেনিকে। বুরকিনা ফাসো গোলটি শোধ করে দেয় ৬০ মিনিটে। অ্যারিসটিডে বেন্স গোলটি করেন। অতিরিক্ত ১১৭ মিনিটে বুরকিনা ফাসো পেনাল্টি কিক পেতে পারতো। কিন্তু হয়েছে তার উল্টোটা। পেনাল্টির আশায় বুরকিনা ফাসোর জোনাথন পিটরোইপিয়া ডাইভ দেয়ায় দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়েন!
পেনাল্টি শুট আউটে ঘানার ইসাক ভোরসা এবং ইমানুয়েল ক্লোটে কিক নিয়েছেন বারের দূর দিয়ে। আগইয়েমেং বাদুর কিকটি রুখে দেন বুরকিনা ফাসোর গোলরক্ষক দাওদা দিয়াকিটে। এটি ছিল শেষ গোল কিক।
বুরকিনা ফাসোর কোন, হেনরি ট্রায়োরে এবং বেন্স গোল এনে দেন। আর ঘানার হয়ে গোল করেন অ্যাটসি এবং হ্যারিসন আফু। ঘানা ১৯৮২ সালের পর আফ্রিকান নেশন্স কাপ শিরোপা জিতে নিতে পারেনি।
ফাইনাল ম্যাচটি জোহানেসবার্গের সকার সিটিতে অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি। নাইজেরিয়া তাকিয়ে আছে তৃতীয় শিরোপার দিকে। সুপার ঈগলরা এছাড়া ১৯৮০ সালেও আফ্রিকান নেশন্স কাপ শিরোপা জয় করেছিল।
বুধবারের ফল
সেমিফাইনাল
মালি ১ নাইজেরিয়া ৪
বুরকিনা ফাসো (৩) ১- ঘানা ১ (২)
ফাইনাল
নাইজেরিয়া-বুরকিনা ফাসো, ১০ ফেব্রুয়ারি,জোহানেসবার্গ
