ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রবিন ফন পার্সি দাবি করেছেন সাবেক ক্লাব আর্সেনালের সময়ের চাইতে এখন তার অবস্থার আরো উন্নতি হয়েছে। এই মুহূর্তে তিনি খেলোয়াড় হিসেবে নিজেকে আরো পরিণত মনে করেন।
গত মৌসুমে আর্সেনাল ছেড়ে ইউনাইটেডে যোগ দেন নেদারল্যান্ডসের এই ফুটবলার।
পার্সি দুই কোটি ২০ লাখ পাউন্ডের রফায় আর্সেনাল ছেড়ে রেড ডেভিলদের শিবিরে যোগ দেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের দলে এসে তিনি সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ২২ গোল করেছেন। এছাড়াও দুর্দান্ত সময় পার করছেন তিনি।
পার্সি মনে করেন ওল্ড ট্রাফোর্ডে ভাল খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে তার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। ডাচ খেলোয়াড়টি বলেন,‘ প্রতিদিন আমি নতুন কিছু নিয়ে কাজ করি। ছোট কিছু হলেও মাথায় রাখি যে, এটাতে আমার ভাল কিছু হবে। প্রথম দিন থেকে তারা আমাকে সাহায্য করেছে। তারা আমাকে সঠিক থাকতে সহায়তা করেছে। আমি এখন ভাল অনুভব করছি। সেই সাথে রয়েছি ফিট। গত বুধবার এবং শনিবার খেলেছি। দুটি ম্যাচেই আমি স্বাচ্ছন্দ্যে খেলেছি।’
ম্যানচেষ্টার ইউনাইটেড বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ও পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে নয় পয়েন্টে এগিয়ে রয়েছে। পার্সি দলের সাফল্যের জন্য কোচিং স্টাফদের কৃতিত্ব দেন। বিশেষ করে তার স্বদেশী রেনে মেউলেনস্টিন ফাস্ট টিম কোচ হিসেবে রয়েছেন। পার্সি জানান, বেশির ভাগ গোলের পরিকল্পনা তিনিই করেছেন।
এ প্রসঙ্গে পার্সি বলেন, ‘সে যেভাবে প্রশিক্ষণ দেন তা বিরল। সত্যিকারভাবেই তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ। আমাদের অনেক ভাল প্রশিক্ষক রয়েছেন। কিন্তু ম্যাচের জন্য তিনি প্রস্তুত করেন দলকে। প্রত্যেক ম্যাচ আলাদা। তাই প্রত্যেকটি অনুশীলনের সেশনও আলাদা। আমরা জানি আসলে কি আশা করছি। অনুশীলনেই সে সেই পয়েন্ট আদায় করে নেয়।’
তিনি আরো বলেন,‘আমরা অনেক ম্যাচ জিতে নিয়েছি অদ্ভুত গোলে। এখানে তিনি জয়ী কারণ আমরা অনুশীলনে তা শিখেছি। উদাহরণস্বরূপ চেলসির বিপক্ষে আমি ডানদিক থেকে অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার লো ক্রস থেকে গোল করেছিলাম। মনে হতে পারে হঠাত্ হয়েছে। কিন্তু এই ম্যাচের আগে পুরো সপ্তাহ আমরা এই কৌশলের জন্য কাজ করেছি। আরো একটি উদাহরণ দেয়া যেতে পারে সেটা হচ্ছে ,উইগানের বিপক্ষে আমার গোলটি। যখন আমি বল কাট করে ভেতরে নিয়ে ডান পায়ের শট নিয়েছিলাম। এই পরিস্থিতির আগে আমি তা অনুশীলন করেছি। অনুশীলন আসলেই ভাল। কাজ করার সময় আবহাওয়াটা ফুরফুরে থাকে।’
