একবার কল্পনা করুন তো ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দল পরিচালনা করছেন অ্যালেক্স ফার্গুসন! কিংবা আর্সেনালের বিপক্ষে কৌশল আটতে হচ্ছে আর্সেন ওয়েঙ্গারকে!
এ দুই কিংবদন্তীকে এমন বিপদে পড়তে হয়নি। তবে এবার পেপ গার্দিওলাকে অপছন্দের এই কাজটা, হূদয়ের বিপক্ষের এই কাজটা করতেই হবে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তার আজীবনের দল বার্সেলোনার বিপক্ষেই বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে অভিষেক হবে এই স্প্যানিশ লিজেন্ডের।
পেপ গার্দিওয়ালা প্রথম এসাইনমেন্টেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন তার সাবেক দল বার্সেলোনাকে। আগামী ২৪ জুলাই মিউনিখের এ্যালিয়াঞ্জ এ্যারেনায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে এক প্রীতি ম্যাচে। বর্তমান কোচ জাপ হেইনকসের পরিবর্তে ১ জুলাই বায়ার্নের দায়িত্ব গ্রহণ করবেন গার্দিওয়ালা। দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ পর মিউনিখের বর্তমান প্রেসিডেন্টের নামানুসারে উলি হোয়েনেস কাপের একটি প্রীতি ম্যাচে বার্সেলোনা ও জার্মানির শীর্ষ দল বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে।
এই বার্সেলোনার যুব দলে ফুটবলে হাতে খড়ি হয়েছিল। সেখান থেকে উঠে এসে মূল দলের হয়ে খেলোয়াড় হিসেবে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। পরে বার্সেলোনার যুব দলের কোচ হিসেবে শুরু করেছেন কোচিং ক্যারিয়ার। এরপর অপ্রত্যাশিতভাবে মূল দলের দায়িত্ব পেয়ে ২টি চ্যাম্পিয়নস লিগসহ চার বছরে বার্সেলোনাকে ১৪টি শিরোপা এনে দিয়েছেন। ক্লান্তির কারণেই বার্সেলোনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন গত মৌসুমে। সে জায়গায় এখন দায়িত্ব পালন করছেন তারই সহকারী টিটো ভিলানোভা। ভিলানোভা অবশ্য এখন ক্যান্সার চিকিত্সার কারণে প্রায়শ দায়িত্বে থাকতে পারছেন না। ওদিকে মাত্র গত মাসেই গার্দিওয়ালা তিন বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন।
বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগে কোনো না কোনো সময় বার্সেলোনার মুখোমুখি হয়তো হতে হত। কিন্তু বার্সেলোনার বিপক্ষে ম্যাচ দিয়েই যে শুরু হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি গার্দিওলা। সেটাই হবে এই ম্যাচে।
এ ম্যাচ থেকে আসা অর্থ একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে এবং হোয়েনেসের ৬০তম জন্মদিনে ব্যবহার করা হবে।
