‘সরি’ বলা কঠিন
আত্মমর্যাদা ধরে রাখতে ‘সরি’ বলা কঠিন। সমপ্রতি এক গবেষণায় এ বিষয়টি বেরিয়ে এসেছে। এত দিন মনে করা হত, ক্ষমা চেয়ে চেয়ে মানুষের মনের ভার কমে। কিন্তু নতুন এই গবেষণায় দেখা গেছে, ক্ষমা না চাওয়ার পিছনে একটা স্বস্তি কাজ করে। আর সেটি হলো আত্মমর্যাদা বোধ। তারপরও মানুষ কেন ক্ষমা চাইতে দ্বিধাবোধ করে তা জানতে গবেষণা শুরু করে কুইন্সল্যান্ড বিজনেস স্কুল। এতেই ধরা পড়ে সমাজের এই ছবি। প্রধান গবেষক টাইলার ওকিমোতো জানান, গবেষণার জন্য তারা ২২৮ জনকে বেছে নিয়েছিলেন। এতে জানতে চাওয়া হয়েছিল, খারাপ ব্যবহার করে ক’জন ক্ষমা চেয়েছেন, আর ক’জন চাননি। দেখা গেছে, যারা ক্ষমা চাননি তাদের মনের জোর, আত্মমর্যাদা বোধ অন্যদের তুলনায় অনেক বেশি। ইউরোপীয় জার্নাল অব সোশ্যাল সায়েন্সে গবেষণাপত্রটি প্রকাশ হয়। -আনন্দবাজার পত্রিকা
সালমান খুরশিদকে কেরির ফোন
মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দায়িত্ব নেয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে ফোন করেন। এ সময় তিনি ভারতের সঙ্গে সম্পর্ক আরো উচ্চতায় পৌঁছে দেয়ার আশ্বাস দেন। কেরি বলেন, আমরা ভারতের সঙ্গে উন্নত শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চাই। তিনি সালমান খুরশিদকে তার কাছে শুভেচ্ছা বার্তা পাঠানোয় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অপরদিকে সালমান খুরশিদ বলেন, ভারতও যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে কাজ করতে চাই, যা উভয় দেশের মধ্যে একটা কৌশলগত সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বুধবার ফোনে খুরশিদ কেরিকে বলেন, চলতি বছরের শেষার্ধে ভারত-মার্কিন কৌশলগত বৈঠক হবে। -এএফপি
‘মেয়েদের জন্য বিপজ্জনক দিল্লি’
দিল্লি এখন মেয়েদের জন্য বিপজ্জনক। বুধবার এ কথা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। মঙ্গলবার দিল্লির লাজপত নগর এলাকায় এক তরুণীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের পর খুনের চেষ্টা চালায় তারই এক প্রতিবেশী। এ ঘটনার পর মুখ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এখানকার মেয়েরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শীলা দীক্ষিত বলেন, এই শহরের নিরাপত্তা বিধানে তার সরকারের পক্ষে যা যা করা দরকার তা-ই তিনি করবেন। এ বিষয়টিতে তার সরকার অধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করে। লাজপতনগরের ঘটনার প্রায় দু’মাস আগে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণ করে ছ’জন। ওই ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে উত্তাল হয়ে উঠে গোটা ভারত। -পিটিআই
ফ্লাইওভার ধসে নিহত ৩
মুম্বাইয়ের প্রধান বিমানবন্দরে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে তিন জনের প্রাণহানি ও অপর ছয়জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় পুলিশ একথা জানায়। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, বুধবার রাতে হঠাত্ করে ফ্লাইওভারের একটি বড় স্ল্যাব ভেঙ্গে পড়ে। এতে অনেকে এর নিচে চাপা পড়ে। তিনি আরো বলেন, এদের অধিকাংশই শ্রমিক ছিল। আহতদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ফ্লাইওভার ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নতুন টার্মিনালের প্রধান নির্মাণ প্রকল্পের অংশ। -এএফপি
