সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফরের দলে থাকবেন কি না, এ ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে গতকাল বোন-স্ক্যান করানোর পর বিসিবির চিকিত্সকরা এটুকু নিশ্চিত হয়েছেন যে, খুব বড় কোনো ধরনের সমস্যা নেই তার। কিছু চিকিত্সা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে সাকিবকে। কিন্তু সেটা পুরোপুরি খেলা থেকে বাইরে থাকা নয়। বিসিবি চিকিত্সক ডক্টর দেবাশীষ চৌধুরীর ভাষায়, ‘ওকে একটা নিয়ন্ত্রিত পরিমাণে খেলাধুলার অনুমতি দেওয়া হতে পারে।’
সাকিব এই যে ইনজুরিটায় ভুগছেন, এটা স্রেফ টানা ক্রিকেট থেকে আসা এক ধরনের ‘স্ট্রেস ইনজুরি’। এটার ফলেই তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে পারেননি । পরে বিপিএলে সংক্ষিপ্ত ম্যাচ বলে খেলতে পারছেন। কিন্তু নিশ্চিত নয় যে, সামনে টেস্ট বা ওয়ানডে খেলতে পারবেন কি না।
সেটি নিশ্চিত হওয়ার জন্যই গতকাল বোন-স্ক্যান করানো হয়েছে। সে স্ক্যানের বিস্তারিত রিপোর্ট গতকাল সন্ধ্যা পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে মৌখিকভাবে ডক্টর দেবাশীষ যা জানতে পেরেছেন, সে সম্পর্কে বলছিলেন, ‘আমরা যেমন আশঙ্কা করছিলাম, হাড়ে তেমন বড় কোনো ক্ষত নেই। তবে কিছুটা ক্লান্তিজনিত ক্ষত তো আছেই। সে জন্য ওকে হয়তো নিয়ন্ত্রিত পরিমাণে ক্রিকেট খেলতে হবে।’
তবে কি পরিমাণে ক্রিকেট, কতোদিন পর থেকে খেলবেন সাকিব; সে সিদ্ধান্ত হয়নি। নির্বাচক ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বসে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন চিকিত্সক।
