জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন পালিত হয়েছে। ছাত্র-শিক্ষক ব্যানারে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভকারীরা মিছিল ও মানববন্ধন করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নীল দলের শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে বিক্ষোভ মিছিলসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে। স্বতঃস্ফূর্ত ঐতিহাসিক এ মানববন্ধনে স্রোতের মতো সকলে নেমে আসে এবং সমস্বরে শ্লোগান দেয় ‘কাদের মোল্লার ফাঁসি চাই’।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক মো:সেলিম ভুঁইয়া, ডিনগণ, চেয়ারপারসনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক সমিতির নীল দল, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠন এ বিক্ষোভে অংশগ্রহণ করে।
উপাচার্য ও ট্রেজারার শাহবাগের আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধন শেষে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সকলেই শাহবাগের উদ্দেশে যাত্রা করেন।
