ময়মনসিংহে খুনের দায়ে চার জনের ফাঁসি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
ময়মনসিংহের জেলা ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক হুমায়ন কবির বৃহস্পতিবার চাঞ্চল্যকর মুদি দোকানদার সুলতান মীর হত্যা মামলায় ৪ জনকে ফাঁসি, ৩ জনকে ১ বছরের কারাদন্ড ও ১ জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন। যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে তারা হলেন—ময়মনসিংহের সদর থানার গোহাইলকান্দির রকিব, কাঞ্চন, ভূট্টো, তমজিদ। একই সাথে বিচারক ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ৪ জনকে ত্রিশ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন। আদালতের বিচারক অপর আসামি পারুল, তাসলি, মিনা বেগমকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদানের আদেশ দেন। প্রকাশ, দোকানী সুলতান মীর ৫ শত টাকার ভাংতি না দেয়ায় ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহের সদর থানার গোহাইলকান্দি মীর বাড়ি সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আসামিরা এ খুনের ঘটনা ঘটায়।