হরিণাকুণ্ডে পুলিশ ফাঁড়ির সামনে রক্তক্ষয়ী সংঘর্ষ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার সোনাতনপুর পুলিশ ফাঁড়ির সামনে ভেড়াখালী ও ভুঁইয়াপাড়া গ্রামবাসীর মধ্যে পূর্ব ঘটনার জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। জানা গেছে, গত ৪ জানুয়ারি ভেড়াখালী গ্রামে তাফসির মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করার সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী তার প্রতিবাদ করলে ঐ গ্রামের কতিপয় শিবির নামধারী ছাত্র তাদের মারধর করে তাড়িয়ে দেয়। এই ঘটনার জের ধরে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল এবং গত বুধবার ভুঁইয়াপাড়া গ্রামের তুষার নামের একটি ছেলেকে ভেড়াখালী গ্রামের ছেলেরা মারধর করে। এই ঘটনার প্রতিশোধ নিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ভুঁইয়াপাড়া গ্রামের লোকেরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির দক্ষিণ দিকে অবস্থান নিয়ে ভেড়াখালী গ্রামের এসএসসি পরীক্ষার্থীদের বাধা দিতে থাকে। এ সংবাদ ভেড়াখালীতে পড়লে তারাও মাইকিং করে ধারালো অস্ত্র নিয়ে ভুঁইয়াপাড়া গ্রামবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় গ্রামের ১৫জন আহত হয়। গুরুতর আহত হয়ে ভুঁইয়াপাড়া গ্রামের মতিয়ার, পিন্টু, উম্বাদ ও তুষার সদর হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে ভেড়াখালী গ্রামের আত্তাব, সামছেল, জব্বার ও ইমরান গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরুর দিকে পুলিশ নীরব ছিল।