লালমোহনে স্থগিতাদেশ উপেক্ষা করে বাজার চালু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
লালমোহন হাইস্কুলের নবনির্মিত সুপার মার্কেটের নির্মাণ কাজ স্থগিতকরণের জন্য হাইকোর্ট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবুও ওই মার্কেটে গত কয়েকদিন ধরে মাছ বাজার, তরকারি বাজার ও মাংস বাজার শুরু করে দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। এনিয়ে আদালত অবমাননার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, লালমোহন বাজারের উপর ১ একর ৩৩ শতাংশ জমির রেকর্ডিয় মালিক নয়ানীগ্রামের মরহুম চেরাগ আলী ও তার স্ত্রী মরহুম হাজেরা খাতুন। তাদের ওয়ারিশগণ বর্তমানে উক্ত জমির মালিক দাবি করেন। কিন্তু উক্ত জমির উপর লালমোহন হাই স্কুল একটি সুপার মার্কেট নির্মাণ করে। মার্কেট ১৭০টি দোকান করে প্রতিটি দোকান থেকে ৩ লাখ টাকা করে জামানত নিয়ে বরাদ্দ দেয়। এতে চেরাগ আলী খলিফা ও হাজেরা খাতুনের ওয়ারিশ মোঃ মাকছুদুল্যাহ ও গাজিউর রহমান গং ভোলার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মামলা করে। উক্ত মামলা খারিজ হয়ে গেলে বাদি পক্ষ জেলা জজ আদালতে আপিল করে। এ মামলা চলমান অবস্থায় স্কুল কর্তৃপক্ষ মার্কেট নির্মাণ কাজ শুরু করে দেয়। এ অবস্থায় বাদি পক্ষ আদালতে মার্কেট নির্মাণের জন্য নিষেধাজ্ঞা চাইলে আদালত তা না মঞ্জুর করে। পরে বাদি পক্ষ মহামান্য হাইকোর্টে উক্ত আদেশ চ্যালেঞ্জ করে একটি সিভিল রিভিশন কেস দায়ের করে। এর প্রেক্ষিতে ১৪/১০/১২ ইং তারিখে পক্ষগণের শুনানির পর বিচারক শেখ আব্দুল আউয়াল বিপক্ষগণের উপর রুল জারি করেন এবং ৬ মাসের জন্যে ১৭/১০ আপিল শিরোনামের পুনরায় আইনগত ব্যবস্থা গ্রহণের উপর একটি স্থগিত আদেশ গ্রহিত করেন। মাননীয় উচ্চ আদালত ৬ মাসের জন্যে “যে যেমন অবস্থা বিরাজমান” নীতি বজায় রাখার জন্যে পক্ষগুলোকে নির্দেশনা দেন।