ওয়াইল্ড লাইফ কনসারভেশন সোসাইটির বাংলাদেশ জলজ স্তন্যপায়ী প্রাণী বৈচিত্র্য প্রকল্পের (বিসিডিপি) আয়োজনে আজ শুক্রবার থেকে মংলায় শুরু হচ্ছে শুশুক মেলা। বিকেলে বনবিভাগের মংলা গেস্ট হাউস প্রাঙ্গণে বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক আকবর হোসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শুশুক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চতুর্থ এই শুশুক মেলার মূল প্রতিপাদ্য বিষয় হলো বাংলাদেশের আশ্চর্য সুন্দর ডলফিন ও তিমিদের পরিচয়, এদের জন্য বিপদসমূহ এবং এদের সংরক্ষণের পদক্ষেপসমূহ তুলে ধরা। বিভিন্ন ডলফিনের মডেল, আলোকচিত্র, খেলা এবং তথ্যসমৃদ্ধ প্যানেলসহ সুন্দরবনের গোলপাতা সংগ্রহের নৌকায় আয়োজিত এই মেলা সুন্দরবন সংলগ্ন ১৩টি গ্রামে প্রদর্শিত হবে। পূর্ব সুন্দরবনে বিপন্নপ্রায় মিষ্টি পানির ডলফিন সংরক্ষণের জন্য ঘোষিত ৩০ কিলোমিটার দীর্ঘ অভয়ারণ্যে বিজ্ঞান-ভিত্তিক এবং জনগণ-সম্পৃক্ত সংরক্ষণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই এবারের শুশুক মেলার উদ্দেশ্য। মেলাটি মূলত একটি তথ্যভান্ডার ও অভয়ারণ্যে ব্যবস্থাপনা বিষয়ক আলোচনার কেন্দ্র হিসাবে কাজ করবে বলে জানিয়েছেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সাহাবউদ্দিন।
