ফরিদগঞ্জে পারিবারিক কলহে নিজ ঘরে আগুন
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ ফরিদগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সুমন (২৬) নামে এক যুবক। এতে বসতঘরের দামি আসবাবপত্রসহ আধাপাকা ঘরটি সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। বুধবার সকালে উপজেলার সাফুয়া গ্রামে গাজীবাড়িতে এই ঘটনা ঘটে।
গ্রামের উত্তেজিত লোকজন সুমনকে আটক করে মারধর দেয়ার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় পৌর কাউন্সিলর মজিবুর রহমান গ্রাম পুলিশ দিয়ে তাকে আটক করে রাখে। সুমন জানায়, দীর্ঘদিন ধরে পরিবারের লোকজন তার ও স্ত্রীর উপর নানানরকম নির্যাতন করে আসছে। এতে অতিষ্ঠ হয়ে সে নিজ বসতঘরে আগুন দিয়েছে।
সাদুল্লাপুরে শিশুকে জিম্মি করে সম্পদ লুট
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুর সদরের বিশিষ্ট ব্যবসায়ী কুষধজ্জ প্রামাণিকের বাসা থেকে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক শিশুকে জিম্মি করে নগদ ৭ লক্ষাধিক টাকাসহ ১৩ ভরি স্বর্ণাংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ ৪ দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
অভয়নগরে অস্ত্র ও বোমাসহ একজন আটক
অভয়নগর (যশোর) সংবাদদাতা \ অভয়নগর থানা পুলিশ উপজেলার গাজীপুর গ্রামের হাশেম শেখের বাড়ি থেকে বুধবার বোমা ও খেলনা পিস্তলসহ পলাশ (৩০) নামের এক যুবককে আটক করেছে। এসময় অপর ৪ যুবক পালিয়ে যায়। আটককৃত পলাশের বাড়ি যশোর সদর উপজেলার রূপদিয়ার মাথাভাঙ্গা গ্রামে।
শ্রীপুর শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাবার্ষিকী
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ শ্রীপুরে শিশুপল্লী প্লাসের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। শ্রীপুরের টেংরা গ্রামে অবস্থিত শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাতা পেট্রিসিয়া কারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর পৌর মেয়র মো. আনিছুর রহমান। শিশুপল্লী প্লাসের ডেপুটি প্রোগ্রাম সুপারিনটেনডেন্ট সায়িদ সামসুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশুপল্লী প্লাস ট্রাস্টের চেয়ারম্যান ড্যারেক পালমার, স্থানীয় তেলিহাটি ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জলিল।
বোদায় জাতীয় পার্টির কমিটি গঠন
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ জাতীয় পার্টি বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের সম্মেলন মঙ্গলবার নাশির মণ্ডলহাট ইউনিয়ন ফেডারেশন মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মনজু। তমিজ উদ্দীন সভাপতি ও সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আদমদীঘিতে ডেলটা লাইফ ইন্সুরেন্সের রজতজয়ন্তী
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বুধবার আদমদীঘিতে ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোক্তাকিম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা।
চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণফোন বিগিনার্স ট্রেনিং কোর্স
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহযোগিতায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গ্রামীণফোন বিগিনার্স আরচ্যারী ট্রেনিং কোর্স ২০১৩ সম্পন্ন হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন প্রধান অতিথি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহম্মেদ চপল।
দুপচাঁচিয়া শ্রমিক দলের নয়া কমিটি
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা \ মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নয়া কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে ইউনুছ আলী সাখিদারকে সভাপতি, জালাল উদ্দীনকে সাধারণ সম্পাদক ও সুমন সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইসলামপুরে কবি-লেখকদের সম্মাননা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে সম্প্রতি কবি-লেখকদের এক সম্মাননা প্রদান করা হয়েছে। রেলগেট নামক স্থানে নাট্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র রাসানের উদ্যোগে, আরিফুল ইসলামের “রচয়িতা” এর মোড়ক উন্মোচন উপলক্ষে, সৈয়দ মাসুদ রাজা’র সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জাসদ নেতা লুত্ফর রহমান, সাংবাদিক শফিক সেলিম, সংগঠনের সেক্রেটারী এম,এস,আই সাগর, মূল আলোচনা করেন কবি ভোলা দেবনাথ প্রমুখ।
কাহালুতে পল্লী বিদ্যুত্ সমিতির মতবিনিময়
কাহালু (বগুড়া) সংবাদদাতা \গত বুধবার কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে বিদ্যুত্ সাশ্রয়ের লক্ষ্যে পল্লী বিদ্যুত্ সমিতি কাহালু জোনাল অফিসের আওতায় উপজেলার সেচ গ্রাহকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। কাহালু উপজেলা এলাকার পরিচালক আইনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছিম আহমেদ, কাহালু উপজেলা কৃষি অফিসার ঝরনা বেগম,পল্লী বিদ্যুত্ সমিতি কাহালু জোনাল অফিসের ডিজিএম এসএম নাসির উদ্দিন ও এমএস সনদ কুমার ঘোষ।
নবীনগরে ওপেন ডে হাউজ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা ওপেন ডে হাউজে জনতার মুখোমুখি হয়েছেন পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন ডে হাউজে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এপিপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ,ন,ম নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুবুল আলম।
পটুয়াখালীতে শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী
পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার শহরের নিউ মার্কেট চাল বাজারে অনুষ্ঠিত হয়। নিউ মার্কেট থেকে ইমারত নির্মাণ শ্রমিকরা শহরে বের করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাল বাজারে এসে তারা সাধারণ সভায় মিলিত হয়। জেলা শাখার সভাপতি মোঃ মোজাম্মেল হক মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ডা. মোঃ শফিকুল ইসলাম।
নাসিরনগরে অবৈধ দোকানপাট উচ্ছেদ
নাসিরনগর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল সড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিহা ফেরদৌসীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কলেজ মোড়ে সিএনজি স্ট্যান্ডে ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে সিএনজি স্ট্যান্ডে রাস্তার পাশে ও উপজেলা পরিষদ চত্বরে গড়ে উঠা বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
আক্কেলপুরে শিশুর লাশ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি\ নওগাঁর বদলগাছী থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার উপজেলার আক্কেলপুর গ্রামের একটি ফাঁকা মাঠ থেকে আমিনুল ইসলাম (১৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে। নিহত আমিনুল একই গ্রামের বেলাল হোসেনের পুত্র বলে জানা গেছে। বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লেলিন আলমগীর জানান, শিশু আমিনুলকে উপর্যুপরি ছুরিকাঘাতসহ দুই পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচজন গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ বুধবার রাতে সিরাজদিখান উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন বাবুর গ্যারেজ হতে ২৭ পিছ ইয়াবা টেবলেটসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন:সোহেল, আবির, রাকিব, আশ্রাফুল ইসলাম বুলেট ও রমজান।
পঞ্চগড়ে কৃষকদলের সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আফতাবউদ্দীন আহমেদ মণ্ডল। সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ মজিদ, সাবেক সাংসদ অ্যাডভোকেট রীনা পারভীন।
গাইবান্ধায় সরিষা চাষের ওপর মাঠ দিবস
গাইবান্ধা প্রতিনিধি\ শস্য নিবিড়তা বৃদ্ধিতে উন্নত জাতের সরিষা-১৪ কর্তন উপলক্ষে গাইবান্ধা সদরের দক্ষিণ ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কেজিএফ-এর সহযোগিতায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
চাটমোহরে রাইস মিলে অগ্নিকাণ্ড
চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রাইস মিল ভস্মীভূত হয়েছে। মিলের ভেতরে থাকা প্রায় ১ হাজার মণ চাল, ২শ মণ ধান ও বৈদ্যুতিক মোটরসহ সবকিছুই পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
বকশীগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা\ বৃহস্পতিবার বকশীগঞ্জ থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের ২ নেতাকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জুলফিকার আলীকে ৫ গ্রাম হিরোইন ও উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান বিদ্যুেক ৫ বোতল ফেন্সিডিলসহ নামাপাড়াস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে। পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বকশীগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে।
শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন
শেরপুর প্রতিনিধি \ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সমন্বয় পরিষদের সভায় মোসাদ্দেক ফেরদৌসীকে সভাপতি ও রফিকুল ইসলাম আধারকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে পুনঃমনোনীত করা হয়েছে।
দুর্ঘটনায় কক্সবাজার কমিউনিটি পুলিশের সভাপতি নিহত
কক্সবাজার প্রতিনিধি\ কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশের সভাপতি, জেলা ড্রাগিস্ট সমিতির সভাপতি রাজনীতিবিদ মাস্টার মোস্তাফিজুর রহমান (৭০) মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রুমালিয়ারছড়াস্থ বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে চট্টগ্রামে নেয়ার পর চিকিত্সকরা তার মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ জিসান নামক এক যুবককে আটক করেছে।
ডুমুুরিয়ায় জিরা ও ফেনসিডিলসহ দু’যুবক গ্রেফতার
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ডুমুরিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার উপজেলার গুটুদিয়া যাত্রী ছাউনির পাশের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় লক্ষাধিক টাকার ভারতীয় ৮ বস্তা জিরা উদ্ধার করেছে। অপর দিকে বুধবার রাতে ডুমুরিয়া থানা পুলিশের একটি টহল দল খর্নিয়া বাজার এলাকা থেকে তরল ফেনসিডিল, নেশা জাতীয় গাম ও মোটর সাইকেলসহ দু’ যুবককে আটক করে।
মাদারীপুর কালেক্টরেটে ১৯ কর্মচারির পদ শূন্য
মাদারীপুর প্রতিনিধি \ মাদারীপুর কালেক্টরেটে বর্তমানে চতুর্থ শ্রেণির ১৯টি পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমনজারি কারকের ৪টি পদ ও নৈশ প্রহরির ৫টি পদ বর্তমানে শূন্য। এছাড়াও ঝাড়ুদারের ২টি, দপ্তরির ২টি, এমএলএসএস-এর ২টি পদ এবং হেলপার, বেয়ারার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ও চৌকিদারের ৪টি পদ শূন্য রয়েছে।
কুলিয়ারচরে আইন সহায়তা বিষয়ক মতবিনিময়
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কুলিয়ারচরে বেসরকারি সংস্থা ব্র্যাক-এর উদ্যোগে ছয়সূতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছয়সূতী ইউ.পি চেয়ারম্যান আনিসুজ্জামান জসিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক-এর ফ্যাসিলিটর এস.এম. মশিউর রহমান, প্রধান শিক্ষক আঃ আউয়াল, ইউ.পি’র সকল মেম্বার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোঃ রফিক উদ্দিন প্রমুখ।
মিঠাপুকুরে গণগ্রামীণ বীমা ডিভিশন-এর রজত জয়ন্তী
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট কলেজ মাঠে গণগ্রামীণ বীমা ডিভিশন -এর আয়োজনে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার রজত জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ময়েনপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উন্নয়ন ব্যবস্থাপক শ.ম. আমজাদ হোসেন সরকার এবং এক্সিকিউটিভ অফিসার মাজহারুল আনোয়ার (শামীম)।
সিরাজগঞ্জে শিশু খাদ্য পরিবহন হরতালের আওতামুক্ত রাখার দাবি
সিরাজগঞ্জ সংবাদদাতা \ হরতালের কারণে মিল্কভিটাসহ অন্যান্য দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দুধ গ্রহণ বন্ধ রাখায় দুধ নিয়ে বিপাকে পড়েছে এলাকার লক্ষাধিক গো-খামারি। খামারিরা জরুরি শিশুখাদ্য দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য পরিবহন হরতালের আওতামুক্ত রাখার জোর দাবি জানিয়েছে।
নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে গতকাল ৪৮ জন অসহায় পুরুষ ও মহিলার মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। আর্থিক অনুদানের চেক বিতরণ করেন নেত্রকোনা জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ রইছ উদ্দিন। উল্লেখ্য, জেএমবির বোমা হামলায় নিহত উদীচীর সাংস্কৃতিক কর্মকর্তা শেলী পালের মাতা করুনা পালসহ অসহায় ৪৮ জনের মাঝে এক লাখ ৬ হাজার টাকা বিতরণ করা হয়।
কলাপাড়ায় কৃষকদের মধ্যে অর্থ সহায়তা
কলাপাড়া সংবাদদাতা \ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ধঞ্জুপাড়া গ্রামের সূর্যমুখী চাষীদের মধ্যে জমি চাষ, সার ও সেচের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বুধবার বিঘা প্রতি চার হাজার আট শত টাকা করে প্রদান করা হয়। ব্র্যাক কার্যালয়ে টাকা বিতরণ অনুষ্ঠানে সূর্যমুখী চাষ ও সার প্রয়োগ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিত্তরঞ্জন দাস, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক নেওয়াজ শরীফ ও মোঃ জাফর তালুকদার।
