রেলওয়ের ৩৫তম ক্রীড়া আসর

নতুন চ্যাম্পিয়ন সদর দপ্তর পূর্ব

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫২
বাংলাদেশ রেলওয়ের ৩৫তম অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সদর দপ্তর পূর্ব দলগত চ্যাম্পিয়ন হয়েছে। রেলওয়ের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত দুইদিনব্যাপী প্রতিযোগিতায় চট্টগ্রামের দলটি ছয়টি স্বর্ণ, দুইটি রোপ্য ও তিনটি তাম্র পদক লাভ করে। অন্যদিকে সদর দপ্তর পশ্চিম দল হয়েছে রানার্সআপ। তারা অর্জন করে চারটি স্বর্ণ ও দুইটি রোপ্য। তাছাড়া তিনটি স্বর্ণ, সাতটি রোপ্য ও চারটি তাম্র পদক পেয়ে চট্টগ্রাম বিভাগ পায় তৃতীয় স্থান। প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিঃ স্প্রিন্টে প্রথম হয়ে লালমনির হাট দলের অ্যাথলেট মো. শাহীনূর শাহীন ৩৫ আসরের দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। এই ইভেন্টের বিজয়ী অন্য দুই প্রতিযোগী হলেন পাহাড়তলী দলের সাইফুল ইসলাম ও পাকশী দলের নেয়ামত হাসান। রেলওয়ের বিভিন্ন অঞ্চলের আটটি দলের সর্বমোট ১২০ জন প্রতিযোগী ৩৫টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুইদিনব্যাপী প্রতিযোগিতা শেষে গতকাল রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতার আয়োজক রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মো. তাফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক একেএম মাহবুব উল আলম বক্তৃতা করেন। আগের দিন রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।