চট্টগ্রামে প্রিমিয়ার ফুটবলের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৩
চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবলের প্লে অফ টুর্নামেন্টের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন একাদশ ও রানার্সআপ মোহামেডান ব্লুজ। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। দুই দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচের জয় পরাজয়ের উপর নির্ভর করছে বর্তমান মৌসুমে লিগ শিরোপা কোন দল পাচ্ছে। প্লে অফ টুর্নামেন্টে এ দুই দলের পয়েন্ট এখন সমানে সমান। ফলে ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। প্লে অফ টুর্নামেন্টের অন্য দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র দু’টি ম্যাচের মধ্যে কোনটিতেই জিততে পারেনি। তাই তাদের বিদায় নিতে হয়েছে তৃতীয় স্থান নিয়ে। দুর্ভাগ্য মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। প্রতিদ্বন্দ্বী দল দুইটির বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তারা ম্যাচ হেরেছে। প্রতিবারই টাইব্রেকারে যেতে হয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। কিন্তু প্রত্যেকবার এগিয়ে থাকা সত্ত্বেও পেনাল্টির শেষ শটটি মিস হওয়ায় দুঃখজনকভাবে বিদায় নিতে হয়েছে দলটিকে। অন্যদিকে শিরোপা জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে সিটি কর্পোরেশন ও মোহামেডান ব্লুজ। শিরোপা জয়ের স্বপ্নে দুই শিবিরই বিভোর। তবে যারা নিজেদের প্রমাণ করতে সক্ষম হবে, তারাই ম্যাচ জিতবে।