আগামী অর্থ বছরে ভারতে ৮-৯ শতাংশ জিডিপি: এডিবি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৫
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে অর্থনীতি সংহতকরণে ভারত যে রূপরেখা ঘোষণা করেছে তা আগামী অর্থবছরে দেশটির প্রবৃদ্ধি ৮-৯ শতাংশ অর্জনে সাহায্য করবে। এডিবির প্রেসিডেন্ট হারুহিতো কুরোদা বলেছেন, অর্থনীতি শক্তিশালীকরণে ও ঘাটতি কমাতে ভারত সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী অর্থ বছরে দেশটির অর্থনীতি পুনরুদ্ধার হবে। তিনি বলেন,‘আমি মনে করি মধ্য বা দীর্ঘ মেয়াদে আট থেকে নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে ভারত’। এদিকে ভারত সরকার আসছে বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ ২৪ শতাংশ কমানোর পরিকল্পনা নিয়েছে। অনেকগুলো মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কিছু মন্ত্রণালয় পরিকল্পনাটি আরেকবার ভেবে দেখার আহবান জানিয়েছে। গ্রামীণ উন্নয়নমন্ত্রী জয়রাম প্রকাশ এ ব্যাপারে বলেন, এই সিদ্ধান্ত ‘অপরিহার্য।’ আমরা যে বরাদ্দ পাই তা দিয়েই কাজ চালাতে হবে। যদিও শোনা যাচ্ছে তিনি তার মন্ত্রণালয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন না করার জন্য অর্থমন্ত্রী পি চিদাম্বরমের কাছে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। গত বছর বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেয়া হয় ৮৫ হাজার কোটি রুপি। তবে উপজাতি বিষয়ক মন্ত্রী ভি কিশোর চন্দ্র দিও এ বিষয়ে সরাসরি কিছু না বলে জানান, যদি বরাদ্দ কমিয়ে দেয়া হয় তার মন্ত্রণালয়ের কাজ করার কিছুই থাকবে না চলতি অর্থ বছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয় চার হাজার কোটি রুপি।