‘দেবদাস’ পরিচালক চাষী নজরুল ইসলাম বললেন—

মৌসুমীর সেরা অভিনয় এখনও দর্শকেরা দেখেনি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৩
চিত্রনায়িকা মৌসুমী কয়েকবছর ধরেই টিভি নাটক আর রিয়েলিটি শোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন পর শাবনূরের সাথে নতুন ছবির কাজে আবারও চলচ্চিত্র পাড়ায় ব্যস্ত হয়েছেন তিনি। এদিকে খুব শিগগিরই মুক্তি পাবে দীর্ঘ প্রতিক্ষীত চলচ্চিত্র ‘দেবদাস’। তবে ‘দেবদাস’-এর মুটিয়ে যাওয়া মৌসুমী এখন যে পুরোপুরিই বদলে গেছে, এ প্রসঙ্গে চাষী নজরুল ইসলাম বলেন, ‘মুটিয়ে যাওয়া মৌসুমী এখানে বড় বিষয় নয়। বড় হলো এবারের ‘দেবদাস’-এ তাদের অভিনয়। আমি মনে করি, শাকিব- মৌসুমীর সেরা অভিনয় এখনও দর্শকেরা দেখেননি। এবারে আমার ‘দেবদাস’-এ দেখবেন দর্শকেরা মৌসুমীর অভিনয়ের মুন্সিয়ানা।’ তবে ভারতে রেকর্ড বাজেটের ‘দেবদাস’ দেখার পর বাঙালি দর্শকদের কাছে এবারের ‘দেবদাস’ পানসে লাগবে কি না এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘সঞ্জয় লীলা বানসালীর ‘দেবাদাস’ বিকৃত। সেই ‘দেবদাস’ শরত্চন্দ্রের গল্প নেই। শরত্বাবু বেঁচে থাকলে তার বিরুদ্ধে মামলা করতেন। আমিও তার ‘দেবদাস’-এর জোর প্রতিবাদ জানাতে চাই। হ্যাঁ রিমেক আমিও করেছি। তবে গল্পকে ভেঙে বা বিকৃত করে নয়। যা এবারের আধুনিক ‘দেবদাস’-এ দর্শকেরা দেখবেন। ছবিটি এত লম্বা সময় কেন নেওয়া হয়েছে। কেন এই অপেক্ষা সেই সবকিছুর জবাব দর্শকেরা হলে গেলেই টের পাবেন।’ এদিকে পরিচালক দেবদাস-এর শুটিং করতে গিয়ে তারকাদের নানান ভোগান্তির স্বীকার হয়েছেন বলে জানালেন।