কোথায় যাচ্ছেন নেইমার!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৯
বলা হচ্ছে বর্তমান ব্রাজিল ফুটবল দলের সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড় নেইমার। তাই তাকে নিয়ে গোটা ফুটবল বিশ্বের আগ্রহের কারণটা সহজেই অনুমান করা যায়। বেশ কয়েকদিন ধরেই তাকে দলে নেয়ার লড়াইয়ে মেতে উঠেছে বিশ্বের নামি-দামি সব ক্লাব। তালিকায় আছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাব। স্যান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিলেই থাকছেন নেইমার। অন্যদিকে হাঁটছেন অন্যপথে; জানিয়েছেন জার্মানীতে নিজের খেলার স্বপ্নের কথা। ইংল্যান্ড কিংবা স্পেন নয়; বিশ্ব ফুটবলের আগ্রহ এখন অনেকটা ঘুরে গেছে বুন্দেসলিগার দিকে। বায়ার্ন মিউনিখ সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাকে দলে নেয়ার পর থেকেই শুরু হয় এই মাতামাতি। এখন নেইমারও জানালেন বায়ার্ন মিউনিখের হয়ে নিজের খেলার আগ্রহের কথা। জার্মান গণমাধ্যমকে ২১ বছর বয়সী নেইমার বলেন, ‘দিনশেষে সব লিগই আনন্দদায়ক; এর মধ্যে বুন্দেসলিগাও আছে। বায়ার্ন নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোর একটি। সবাই বায়ার্নের হয়ে খেলার স্বপ্ন দেখে। আর তাই এর বিরুদ্ধে বলার কেউ নাই।’ নেইমার আরও বলেন, ‘ছোটবেলা থেকেই ইউরোপে খেলা আমার স্বপ্ন। তাই ইউরোপে খেলার ধরনটা আমি আয়ত্ত করতে চাই।’