ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার
টটেনহ্যাম-নিউ ক্যাসল
চেলসি-উইগান
নরউইচ সিটি-ফুলহ্যাম
স্টোকসিটি-রিডিং
সান্দারল্যান্ড-আর্সেনাল
সোয়ানসি সিটি-কুইন্স পার্ক রেঞ্জার্স
সাউদাম্পটন-ম্যানসিটি
রবিবার
অ্যাস্টন ভিলা-ওয়েস্টহ্যাম
ম্যানচেস্টার ইউনাইটেড-এভারটন
সোমবার
লিভারপুল-ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন
শিরোপাধারী ম্যানচেস্টার সিটি আশা করছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড চাপে রয়েছে। এই চাপ কাটিয়ে ওঠাটা বেশ কঠিন হবে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা দলটির। আর এরই সুযোগ নিতে চায় রবার্তো মানচিনি বাহিনী যারা শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে আজ শনিবার সাউদাম্পটন যাচ্ছে।
লিভারপুলের বিপক্ষে গত সপ্তাহে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছিল সিটি। ইউনাইটেড থেকে তারা এখন নয় পয়েন্ট পেছনে পড়ে আছে। অপরদিকে মৌসুমের বাকি এখনো ১৩টি ম্যাচ। সে তুলনায় ইউনাইটেডের জন্য বর্তমান পরিস্থিতি একটু কঠিন। কারণ রেড ডেভিলস নামে অভিহিত দলটি আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর খেলায় সান্তিয়েগো বার্নাব্যূতে যাবে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করতে। এ ম্যাচটির প্রাক্কালে আগামীকাল রবিবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের খেলায় তারা আতিথ্য দেবে এভারটনকে।
সিটি এবার চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বে উঠতে পারেনি। ফলে এখন তাদের যত চাপ লিগ শিরোপা নিয়ে। তাই প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা নিয়েই যত দুশ্চিন্তা মানচিনির। এছাড়া এফএ কাপে ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় স্তরের দল লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলবে। সঙ্গত কারণেই স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের চাইতে কিছুটা হলেও নির্ভার সিটি। তাছাড়া আফ্রিকান নেশন্স কাপে আইভরি কোস্ট কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়ায় দলে যোগ দিয়েছেন ইয়ায়া এবং কোলো তোরে।
ইয়ায়া তোরে গত মৌসুমে সিটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গেলবার সিটি আট পয়েন্ট পেছন থেকে এসে ইউনাইটেডকে হটিয়ে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে শিরোপা জিতে নিয়েছিল। তোরে জানান, পূর্ব অভিজ্ঞতা প্রমাণ করে আশাহত হওয়ার কিছু নেই। এই মিডফিল্ডার ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘আমরা যদিও অনেক পেছনে রয়েছি। কিন্তু আমাদের সবার ভাবনায় থাকা উচিত গত মৌসুমের ব্যাপারটি। এটা জানার জন্য যে কি সম্ভব।’
চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডকে দুই লেগে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করতে হবে। আবার এফএ কাপে ১৮ ফেব্রুয়ারি রেড ডেভিলদের প্রতিপক্ষ রিডিং। ইউনাইটেডের ম্যানেজার ফার্গুসন দলের বর্তমান অবস্থানে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা ইনজুরি থেকে ফিরেছেন। এটা গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই মৌসুমের দ্বিতীয়ার্ধে বড় ম্যাচ একসাথে আসে। সবাই ফিটও রয়েছে!’
প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিয়েও চলছে ভাল লড়াই। চেলসি গত সপ্তাহে ২-২ গোলে ড্র করে নিউ ক্যাসলের সাথে। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম চেলসির ঠিক এক পয়েন্ট পেছনে আছে। টটেনহ্যাম পয়েন্ট টেবিলে নিজেদের উন্নতি করতে আজ মুখোমুখি হবে নিউ ক্যাসলের। চেলসি নিজেদের মাঠে লড়বে উইগানের বিপক্ষে।
পয়েন্ট টেবিলের ছয়ে থাকা আর্সেনাল লড়বে আজ সান্দারল্যান্ডের বিপক্ষে। পাঁচ নম্বরে থাকা এভারটনের চেয়ে তারা এক পয়েন্ট পেছনে। এদিকে লিভারপুল অ্যানফিল্ডে ওয়েস্টব্রুমউইচ আলবিয়নের বিপক্ষে লড়াই করবে। লিভারপুলের জেমি ক্যারাঘার ঘোষণা দিয়েছেন চলতি মৌসুমের শেষে ফুটবল থেকে অবসর নেবেন। তাকে ঘিরে সৃষ্টি হবে আবেগঘন মুহূর্ত।
