এশিয়ায় তিনটি ম্যাচ খেলবে চেলসি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৩
এশিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসছে চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে জানানো হয়, মৌসুম পূর্ব এশিয়া ট্যুরের অংশ হিসেবে এ বছর জুলাই মাসে তারা থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে। গতবছর মৌসুম পূর্ব সফরে চেলসি সর্বশেষ এশিয়া সফর করেছিল। লন্ডনের ক্লাবটি এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এফএ কাপের শিরোপা জয় করে; যদিও এই মৌসুমে খুব একটা ফর্মে নেই ব্লুজ দলটি। এশিয়া সফরের শুরুতেই চেলসি থাইল্যান্ড অল-স্টার্স একাদশের বিরুদ্ধে খেলবে। ১৭ জুলাই সিংহা কাপে ব্যাংককের রাজামঙ্গলা ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। চারদিন পর মালয়েশিয়া সফরে খেলবে মালয়েশিয়া একাদশের বিরুদ্ধে। কুয়ালালামপুরে শাহ আলম স্টেডিয়ামে তারা খেলবে মালয়েশিয়া একাদশের বিরুদ্ধে। এরপর দলটি প্রথমবারের মতো ইন্দোনেশিয়া সফরে যাবে। ২৫ জুলাই ৮৮ হাজার ধারণক্ষমতাসম্পন্ন জাকার্তার গেরোলা বাং কর্নো স্টেডিয়ামে মুখোমুখি হবে ইন্দোনেশিয়া একাদশের বিরুদ্ধে। - বাসস/এএফপি