শীতের পিঠা তৈরির প্রধান উপকরণ পাটালী গুড়ে ভেজাল হিসাবে চিনি মিশানো হচ্ছে। বিশুদ্ধ খেজুরের রসের গুড় বাজারে নেই। অনেক খরচ করে দুধের বিভিন্ন রকম পিঠা তৈরি করে মেয়ে-জামাই, আত্মীয়-স্বজন নিয়ে খেতে বসে হতাশ হচ্ছে সবাই। পিঠাতে খেজুরের রসের স্বাদ-গন্ধ কিছুই নেই। আছে চিনি ও গুড়ের মিশ্রিত এক প্রকার তিক্তস্বাদ। বাজারে চিনি ৪৫-৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে খেজুরের গুড় (চিনি মিশ্রিত) ৬৫-৭০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গোখাদ্য হিসাবে ব্যবহূত চিটা গুড়ের সঙ্গে চিনি মিশিয়ে আখের গুড় (ঝোলা গুড়) তৈরি করা হচ্ছে। এসব গুড় ৭০-৮০ টাকা কেজি দরে আখের গুড় হিসাবে বাজারজাত করা হচ্ছে। গুড় ব্যবসায়ী ফিরোজ হোসেন, নারান ও ইমরান জানায় ভেজাল ছাড়া বাজারে কোন গুড় পাওয়া যাচ্ছে না। তারা আরও বলে আমরাও ভেজালমুক্ত গুড় বিক্রয় করতে চাই না কিন্তু বিশুদ্ধ খেজুরের রসের গুড় পাওয়া যায় না।
