সৈয়দপুর বিমানবন্দর লিজ নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৪
ভুটানের সঙ্গে পণ্য বাণিজ্য সমপ্রসারণের জন্যই সৈয়দপুর বিমানবন্দর লিজ দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিমানবন্দরটি পরিচালনার জন্য এ লিজ দেয়া হবে। ওই প্রতিষ্ঠানটি এখন সমীক্ষা চালাচ্ছেন। সমীক্ষার জন্য ৬ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। লোকসানের অজুহাতে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করার পর এই বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের বিমান সপ্তাহে ৪দিন চলাচল করছে। সৈয়দপুর বিমানবন্দরটি নতুন করে আরও আধুনিকায়ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই কোম্পানি সম্মত হলে সৈয়দপুর বিমানবন্দর তাদেরকে লিজ দেয়া হবে। বর্তমানে ১৮টি পণ্য ভুটানকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মুষক) অগ্রিম আয়করসহ সব ধরনের কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে। লিজ কার্যকরী হলে শীতবস্ত্র, কম্পিউটার যন্ত্রাংশ, শুকনো খাবার, ফার্মাসিউটিক্যাল, টয়লেট্রিজ, টেক্সটাইল পণ্যসহ বিভিন্ন পণ্য রফতানি সুবিধা পাবে। এ কারণে উত্তরাঞ্চলের উত্পাদিত পণ্য ভুটানে রফতানি করে এই অঞ্চলের মানুষ দেখবে মুনাফার মুখ।