টাঙ্গাইলে ছেলেধরা আতঙ্ক গণপিটুনিতে একজন নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৮
টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় ‘ছেলেধরা’ আতঙ্ক দেখা দিয়েছে। এ আতঙ্কে উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী-অভিভাবক। এতে বিদ্যালয়ে উপস্থিতিও কমে গেছে। এদিকে ছেলেধরা সন্দেহে সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়ে নিহত হন। ছেলেধরা সন্দেহে টাঙ্গাইলের সখীপুরে জনতা আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে ছেলেধরা শুধুই গুজব বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সখীপুর থানার উপ-পরিদর্শক প্রাণবন্ধু জানান, মঙ্গলবার সখীপুর উপজেলার পাথারপুর গ্রামে ছেলেধরা সন্দেহে ৮ কিশোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছে- রুবেল (১৪), ইসমাইল (১৩), রুবেল (১৫), আলীম উদ্দিন (১৪), রফিকুল (১৬), শাহিন (১৫), সোহাগ (১৫) এবং সুজন (১৭)। তাদের সবার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ধামড় গ্রামে। এদিকে ছেলেধরা সন্দেহে সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম জানান, এলেঙ্গা কাঁচা বাজারের দক্ষিণ পাশে মার্কেটের পেছনে এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়া হয়। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। সে এলেঙ্গায় ফেলে দেয়া কাগজ ও বোতল কুড়াচ্ছিল।