কলম্বিয়ায় খনি
কর্মীদের ধর্মঘট
কলম্বিয়ার কয়লা খনি কর্মীরা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। তাদের নিয়োগকর্তার সঙ্গে বেতন-ভাতা বৃদ্ধির আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা এ ধর্মঘট শুরু করেন। শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি ইগোর ডিয়াজ লোপেজ জানান, কলম্বিয়ার বৃহত্তম কয়লা রফতানিকারক কোম্পানি সেরিজনের সরাসরি নিয়োগ দেয়া প্রায় চার হাজার কর্মী এবং অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া আরো সাত হাজার সাব-কণ্ট্রাকটর এ ধর্মঘট শুরু করেছেন। বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দেন। — এএফপি
সিআইএর বন্দী নির্যাতন
পৃথিবীর নানা দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর বন্দী নির্যাতন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কন্যা অমৃত সিং। একটি মানবাধিকার সংগঠনের হয়ে অমৃত সিংয়ের তৈরি করা রিপোর্টে বলা হয়েছে, আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সিআইএ অন্তত ৫০টি দেশে বহু বন্দিশালা ও কারাগার ব্যবহার করেছে। গোপন তথ্য বের করার জন্য নিপীড়ন করা হয় এই বন্দিশালাগুলোতে। আইনের তোয়াক্কা না করেই বন্দীদের এক দেশ থেকে অন্য দেশে চালান করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গ্লোবালইজিং টর্চার — সিআইএ সিক্রেট ডিটেনশন আন্ড এ ট্রাঅর্ডিনারি রেন্ডিশন নামে রিপোর্টটি বুধবার প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে সরব ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভ। — পিটিআই
সফরের কারণে কারাদণ্ড
দক্ষিণ কোরিয়ার একটি আদালত শুক্রবার বামপন্থি এক সক্রিয় কর্মীকে চার বছরের কারাদণ্ড দিয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া উত্তর কোরিয়া সফর করায় তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়। রো সু-হুই (৬৯) কোন পূর্ব অনুমতি ছাড়া কঠোর নিরাপত্তা আইন লংঘন করে উত্তর কোরিয়া সফর করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেয়। উত্তর কোরিয়ার দীর্ঘদিনের শাসক কিম জং-ইলের মৃত্যুর শততম দিন পালন উপলক্ষে গত বছরের মার্চ মাসে রো চীন হয়ে পিয়ংইয়ংয়ে প্রবেশ করেন। তিনি দেশে ফিরে আসলে জুলাই মাসে গ্রেফতার হন। — এএফপি
ইউরোপে মত্স্য শিকার নীতি পরিবর্তন
ইউরোপে বিতর্কিত অভিন্ন মত্স্য শিকার নীতিতে সংস্কার আনতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইন প্রণেতারা। নতুন নীতিতে মাছের মজুদ ও অপ্রয়োজনীয় মাছ সমুদ্রের পানিতে ফেলে দেয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে। বর্তমানে বিভিন্নভাবে শিকার করা মাছের এক-চতুর্থাংশ ফেলে দেয়া হয় বলে বিবিসি জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সরকারের সঙ্গে আলাপ করার পর পরিবর্তিত নতুন নীতি আগামী বছর আইনে রূপ নেবে বলে আশা করা হচ্ছে।
গ্র্যাভিটি লাইট
লন্ডনের দু’জন ডিজাইনার মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদনের জন্য লাইট তৈরি করেছেন। ঝুলন্ত ব্যাগে বালু ও পাথর ঝুলিয়ে বিশেষ উপায়ে চার্জ দেয়া যাবে গ্রাভিটি লাইটে। উন্নয়নশীল দেশগুলোতে কম খরচের এ লাইট ব্যাপক পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছে গার্ডিয়ান ও ফোর্বস। মার্টিন রিডিফোর্ড এবং জিম রিভিস নামের দু’জন প্রযুক্তিবিদ চার বছর ধরে এ নিয়ে গবেষণা করেন। এতে প্রায় নয় কেজি বালু ও পাথর বোঝাই ঝুলন্ত একটি ব্যাগে শক্তি সঞ্চয় করে রাখা হয়। ব্যাগটি ধীরে ধীরে নিচে নামার সময় বিদ্যুত্ উত্পাদিত হয়। তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক আকারে রয়েছে।
