সকালে শিশুদের হুল্লোড় আর বিকালে যুদ্ধাপরাধীদের বিচারের ঢেউ আছড়ে পড়েছিল বইমেলা প্রাঙ্গণে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় মানুষের ঢল আর বাঁধ মানেনি। শাহবাগের উত্তাল জনসমুদ্র আছড়ে পড়েছিল বইমেলায়। আজ শনিবার এবং ১৫ ও ২২ ফেব্রুয়ারি শিশু প্রহর থাকবে। এদিনগুলোতে মেলার সময়সূচির মধ্যে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। এদিকে, শুক্রবার মেলার অষ্টম দিনে নতুন প্রায় আড়াইশ’ বই প্রকাশিত হয়েছে। এছাড়া নতুন মোড়ক উন্মোচিত হয়েছে প্রায় অর্ধশত বইয়ের। গতকাল প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাংলা একাডেমী প্রকাশ করেছে শাহীদা আখতারের ভাষাশহীদ আবদুস সালাম, খান সারওয়ার মুরশিদের সংবর্ধনা-গ্রন্থ, অনন্যা প্রকাশ করেছে ইমদাদুল হক মিলনের ‘সাদা ঘোড়ার সওয়ারি’, খালেদ মুহিউদ্দীনের ১৪১৯’, অবসর এনেছে আরশাদ আজিজ অনূদিত বার্ট্রান্ড রাসেলের ‘বিজ্ঞানের সামাজিক ফলশ্রুতি’, অন্যপ্রকাশ এনেছে সুমন্ত আসলামের ‘মহাবিপদে পাঁচ গোয়েন্দা’ প্রভৃতি।
মূল মঞ্চের আয়োজন : শুক্রবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হবীবুল্লাহ বাহার : ইতিহাসের ট্র্যাজিক পুরুষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গবেষক মোরশেদ শফিউল হাসান এবং ড. ইসরাইল খান। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক।
আজকের আয়োজন :আজ শনিবার সকাল ১০টায় শিশু কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হবে দিনের আয়োজন। বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘অদ্বৈত মল-বর্মণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন শান্তনু কায়সার। আলোচনায় অংশ নেবেন হরিশংকর জলদাস, সফিকুন্নবী সামাদী এবং অদিতি ফাল্গুনী। সভাপতিত্ব করবেন কামাল লোহানী। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
