আরব আমিরাতে নিহতদের ৮ জনের লাশ আসবে কাল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫০
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে গত ৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের লাশ আগামীকাল থেকে দেশে আসবে। মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রী জানান, আল আইনে ৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়। ২২ জনের মধ্যে ২০ জন বাংলাদেশি। এদের মধ্যে ১৯ জনের পরিচয় পাওয়া গেছে। একজনের পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি জানান, আগামী রবিবার ৮ জনের লাশ বিমানযোগে চট্টগ্রাম এসে পৌঁছবে। আগামী মঙ্গলবার ৮ জনের লাশ ঢাকা এবং বুধবার ৩ জনের লাশ সিলেট এসে পৌঁছবে। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, লাশ দেশে এসে পৌঁছানোর পর দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া নিহতদের উত্তরাধিকার নির্ধারণ করার পর সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে দেয়া হবে।