বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষ হতে চললেও বিদেশিরা টাকা না পাওয়ার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাজশাহীর অধিনায়ক চামারা কাপুগেদারা। গতকাল খুলনার কাছে সাত উইকেটে হারা ম্যাচটি শেষে সংবাদ সম্মেলনে শ্রীলংকার এই খেলোয়াড় বলেই ফেললেন, ‘এ ধরনের ঘটনা আমার জীবনে কখনো হয়নি’।
মূলত দুরন্ত রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা এখনো প্রথম কিস্তির টাকা না পেয়ে কাল বেঁকে বসেছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিদেশিদের নিয়েই মাঠে নামে রাজশাহী।
কাপুগেদারার কাছে ম্যাচের ঠিক আগে কি ঘটেছিল জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা যারা বিদেশি খেলোয়াড় রয়েছি তারা প্রথম কিস্তির ২৫ ভাগ টাকা পাওয়ার নিশ্চয়তার জন্য অপেক্ষা করছিলাম। বিদেশি যারা রয়েছেন তারা এখন পর্যন্ত কোন টাকা না পেয়েই এই টুর্নামেন্ট খেলছেন। আমরা বিসিবি ও ফ্রাঞ্চাইজির উপর সম্মান রেখেই নয়টি ম্যাচ খেলেছি। আমরা আজ (কাল) তাদেরকে বোঝাতে চেয়েছি টাকা না পেলে খেলব না’।
এ ঘটনার পর তামিম ইকবাল টস করতে আসেন এবং বোর্ডের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিদেশিরাও রাজশাহীর জার্সি গায়ে চাপান। টাকা না পেয়েও খেলার কারণ হিসাবে তিনি বলেন, ‘আমরা ম্যাচ শুরুর ২০ মিনিট আগে নিশ্চিত হয়েছি টাকা পাচ্ছি। টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে ; আশা করছি আগামী সোমবারের মধ্যে টাকা পেয়ে যাব’।
বিসিবি দায়িত্ব নেয়ায় এবার বিপিএলে বিদেশি খেলোয়াড়রা খেলতে এসেছে। তারপরও তাদের পারিশ্রমিক নিয়ে ঝামেলা হচ্ছে। বিদেশি খেলোয়াড়রা এখনো বিশ্বাস করে বিসিবি দায়িত্ব নিলে তারা টাকা পাবেন। কারণ, প্রথম কিস্তির টাকা পেলেও এখনো ৭৫ ভাগ টাকা বাকি রয়েছে তাদের। সোমবারের মধ্যে টাকা না পেলে তারপরও কি খেলবেন তারা? এমন প্রশ্নে কাপুগেদারা বলেন, ‘আমরা ফ্রাঞ্চাইজিদের বলেছি ,তারা যেন বিসিবিকে দ্রুত টাকা দিয়ে দেয়। আর বোর্ড সভাপতি আমাদের সাথে কথা বলায় আশাবাদী যে, সোমবারের মধ্যে টাকা পেয়ে যাব। এ নিয়ে আর কোন ইস্যু তৈরি হোক সেটা চাইস না। আর আমরা এখানে এসেছি বিসিবি গ্যারান্টর হয়েছে বলেই’।
