ঘানা ও মালি আজ শনিবার আফ্রিকান নেশন্স কাপের তৃতীয়স্থান নির্ধারণী খেলায় অংশ নেবে। দেশ দুটি ফাইনালে উঠতে ব্যর্থ হয়। তবে মালির প্রত্যাশা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে জয়ের মাধ্যমে তারা ব্রোঞ্জ পদক জিতে নেবে।
আফ্রিকার দেশগুলোর সর্বোচ্চ এ প্রতিযোগিতায় ২০১২ সালের আসরের প্রথম রাউন্ডে মালিকে ২-০ গোলে হারিয়েছিল ঘানা। কিন্তু টুর্নামেন্টের শেষভাগে এসে দেখা যায় সেই মালি ব্রোঞ্জ পদক জিতে নেয় ঘানাকে হারিয়ে।
এবারের আসরের শুরুতেও ঘটেছে একই ধরনের ঘটনা। প্রথম রাউন্ডেই মুখোমুখি হয়েছিল দল দুটি। আর এতে মুবারক ওয়াকাসোর পেনাল্টি থেকে দেয়া গোলে ১-০ ব্যবধানে জয়লাভ করে ঘানা। কাকতালীয়ভাবে আবারো টুর্নামেন্টের শেষভাগে এসে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে। আর ওই ম্যাচেও ঈগলসরা চায় প্রথম রাউন্ডে হারের প্রতিশোধ নিতে।
প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে দল দুটির অবস্থা ভাঙ্গা হাটের মত। শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে পড়ে এমনিতেই মনকষ্টে ভুগছে তারা। ডারবানে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মালি ১-৪ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে নাইজেরিয়ার কাছে। অপরদিকে নেলসপ্রুটে মূল পর্বের লড়াই বিতর্ক নিয়ে ১-১ গোলে শেষ হবার পর টাইব্রেকারে ঘানাকে হারিয়ে বিস্ময়করভাবে ফাইনালের টিকিট লাভ করে অখ্যাত দল বুরকিনা ফাসো। ওই ম্যাচে ঘানার পক্ষে একটি অপ্রয়োজনীয় পেনাল্টি এবং বুরকিনার তারকা ফুটবলার জোনাথন প্রিট্রোইপাকে লাল কার্ড দেখিয়ে ম্যাচটিকেই বিতর্কিত করে তোলেন কর্তব্যরত তিউনিশিয়ার রেফারি স্লিম জিদিদি। তাত্ক্ষণিকভাবে ঐ রেফারিকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়।
মালির অধিনায়ক ও তুরুপের তাস সেইদাউ কেইটা মনে করেন সতীর্থদের মধ্যে সমন্বয়হীনতার অভাবের কারণে তারা নাইজেরিয়ার কাছে এভাবে হেরেছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা যেভাবে খেলেছিল সেভাবে ঐক্যবদ্ধ পারফর্মেন্স দেখা যায়নি সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করেছিল তার দল।
তবে বার্সেলোনার ঐ সাবেক তারকা প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, পঞ্চমবারের মত তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে অংশ নিতে যাওয়া দলটি দ্বিতীয়বারের মত ব্রোঞ্জপদক জয় করতে বদ্ধপরিকর। আগের চার ম্যাচের মধ্যে তারা নাইজেরিয়ার কাছে দুইবার এবং আইভরিকোস্টের কাছে একবার পরাজিত হয়েছিল। ষষ্ঠবারের মত এ টুর্নামেন্টে অংশ নেয়া ৩৩ বছর বয়সী ওই তারকা বলেন, ‘আমরা দলগতভাবে খেলার কারণে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছি। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ভাল খেলতে পারিনি। ম্যাচ শেষে আমরা ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করে তা একে অন্যের সঙ্গে আলোচনা করেছি।’ এদিকে বিগত চারটি টুর্নামেন্টেই সেমিফাইনাল খেলেছে ঘানা। তবে ফাইনাল খেলতে পেরেছে একবার। এর অর্থ দাঁড়াচ্ছে তারা তৃতীয় স্থানের জোড়ালো দাবিদার। দলীয় অধিনায়ক আসামোয়া জিয়ান ম্যাচটিতে সাহসী লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘স্বাভাবিক ভাবেই আমরা মানসিকভাবে খুবই হতাশ। কিন্তু আমরা আমাদের জাতিকে এ হতাশা থেকে মুক্তি দিতে চাই। যদিও আমাদের প্রত্যাশিত ম্যাচ এটি ছিল না। আমরা চেয়েছিলাম সপ্তাহের শেষ ম্যাচটিতেই (ফাইনালে) খেলতে। তারপরও আমরা অন্তত একটি পদক জয় করতে চাই।’—বাসস
