বিফলে গেল পোলার্ডের সেঞ্চুরি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
অসাধারণ সেঞ্চুরি বৃথা গেল ক্যারিবীয় অলরাউন্ডার কিয়েরন পোলার্ডের। হার এড়াতে পারলো না তার দল। সেই সাথে অস্ট্রেলিয়া সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আধিপত্য বজায় রাখল। গতকাল শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থটিতে স্বাগতিকরা পাঁচ উইকেটে জিতে নেয়। ফলে সিরিজে এখন ৪-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। একমাত্র ম্যাচ সেরা কিয়েরন পোলার্ডের হার না মানা সেঞ্চুরিতে ভর করে ক্যারিবীয়রা ২২০ রানের সম্মানজনক সংগ্রহ করতে পারে। কারণ ৫৫ রানে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল ছয় উইকেট। পোলার্ড ১৩৬ বলে ১০৯ রান করেন। ১১টি চার ও দুটি ছয়ে সাজানো তার ইনিংস। এটি ছিল পোলার্ডের তৃতীয় সেঞ্চুরি। এর মধ্যে দুটি রয়েছে তার অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়াকে এই রান তাড়া করে জিতে নিতে বেগ পেতে হয়নি। ৩১ বল বাকি থাকতে তারা জয় তুলে নেয়। এখন অজিরা তাকিয়ে আছে পঞ্চম ও শেষ ওয়ানডের দিকে। আগামীকাল রবিবার মেলবোর্নে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অস্ট্রেলিয়া চাইবে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে। সফরকারীদের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ তাড়া করতে নেমে অজি ওপেনার শেন ওয়াটসন দারুণ শুরু এনে দেন। ৮৪ বলে তিনি ৭৬ রান করেন। অধিনায়ক মাইকেল ক্লার্ক ৬৫ বলে করেন ৩৭ রান। স্কোর যখন সমান সমান। জয় থেকে অস্ট্রেলিয়া যখন আর এক রান দূরে তখন ক্লার্ক আউট হন ক্যারিবীয় পেসার টিনো বেস্টের বলে। গ্লেন ম্যাক্সওয়েল জয়সূচক রানটি করেন। তার সাথে অপরাজিত ছিলেন ম্যাথু ওয়েড ১৩ রানে। টিনো বেস্ট ও সুনীল নারিন দুটি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার জনসন চার্লস (০), কিয়েরন পাওয়েল (৯) এবং ড্যারেন ব্রাভোকে (৪) সাজঘরে ফেরত পাঠান বাঁ-হাতি অস্ট্রেলিয় পেসার মিশেল জনসন। ১৭ রানেই তিন উইকেট হারায় উইন্ডিজ। ব্রাভোর ভাই ডোয়াইন (৩) আট বল পর্যন্ত উইকেটে ছিলেন। ক্রিস গেইল ইনজুরিতে ছিলেন। নরসিং দেওনারায়ণ এসে দশ রানে আউট হন। শেষের দিকে অধিনায়ক ড্যারেন স্যামি ২৫, আন্দ্রে রাসেল ১৮ এবং সুনীল নারিন ২৩ রান করেন। জনসন ও বেন কাটিং তিনটি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর টস : ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ : ৪৯.৪ ওভারে ,অলআউট ২২০/১০ (পোলার্ড ১০৯, স্যামি ২৫, নারিন ২৩; জনসন ৩/৩৬, কাটিং ৩/৪৫) অস্ট্রেলিয়া : ৪৪.৫ ওভারে ২২১/৫ (ওয়াটসন ৭৬, ক্লার্ক ৩৭, অ্যাডাম ভোগেস ২৮; নারিন ২/৩৪, বেস্ট ২/৩৮) ফল : অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী ম্যান অফ দ্য ম্যাচ : কিয়েরন পোলার্ড। সিরিজ : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়া ৪-০ তে এগিয়ে।