চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান ব্লুজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার প্লে অফ ম্যাচগুলোর শেষটিতে মোহামেডান ব্লুজ টাইব্রেকারে ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন একাদশকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত ও অতিরিক্ত ৩০ মিনিটেও ২-২ গোলে ড্র ছিল। বিরতি পর্যন্ত খেলাটি গোল শূন্য থাকলেও ওই সময়ে ছিল সিটি কর্পোরেশনের প্রাধান্য। বিরতির পর ম্যাচ চলে যায় মোহামেডানের দখলে। তারা সমন্বয় গড়ে তুলে আক্রমণ শুরু করে এবং ফলও পেয়ে যায় দ্রুত। ৫৪ মিনিটে ব্লুজ দলের বিদেশি প্লেয়ার কোসুকোর মাইনাসে সুজন মাহামুদের গোলে (১-০) এগিয়ে যায় মোহামেডান ক্লাব। এরপর ৭৪ মিনিটে সিটির যোসেফের পাসে ফ্র্যানিসসের মাটি গড়ান শট মোহামেডান ক্লাবের জালে গেলে (১-১) ম্যাচে ফিরে আসে সমতা। এর নয় মিনিটের ব্যবধানে সোহেলের জোগান থেকে কোসুকো গোল (২-১) করে আবারো মোহামেডান ব্লুজকে এগিয়ে দেন। কিন্তু জয়ের আনন্দের রেশ মিলতে না মিলতেই আত্মঘাতী গোলে আবার সমতা ফেরে খেলায়। ইনজুরি টাইমে বলের দখল নিয়ে মোহামেডানে রক্ষণভাগে জটলার সৃষ্টি হলে সুমনের পায়ে লেগে বল নিজেদের জালে জড়ায় (২-২)।
এরপর অতিরিক্ত সময়েও কেউ গোলের সন্ধান পায়নি। তাই ম্যাচটির ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। এতে জয়ী হয় মোহামেডান ব্লুজ। টাইব্রেকারে মোহামেডান ব্লুজ দলের পক্ষে রাফায়েল, স্বপন, টমি ও সুজন এবং সিটি কর্পোরেশনের পক্ষে মিলন ও ধীমান বড়ুয়া গোল করেন। ম্যাচ পরিচালনা করেন আবদুল হান্নান মিরন।
