পঞ্চমে বিজেএমসি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
অফিস দল বিজেএমসি ফেনীর সকার ক্লাবের বিরুদ্ধে ২-১ গোলে জিতে পেশাদার ফুটবল লিগে পঞ্চম স্থানে উঠল। নাইজেরিয়ান স্ট্রাইকার আজাগুন রশিদির জোড়া গোলে ম্যাচ জিতল বিজেএমসি। সকারের গোলটি করেন আমিনুর রহমান সজিব। টানা ছয় ম্যাচ হেরে সেই তিমিরেই পড়ে রইল সকার ক্লাব। খেলা শেষে সংবাদ সম্মেলনে আসতে গিয়ে সকার ক্লাবের কোচ সাবেক স্ট্রাইকার মাহমুদুল হক লিটনের পা যেন চলছিলই না। মন খারাপ তার। কারণ শেষ মুহূর্তে বিজেএমসির গোলকিপার আমিনুল আহত হয়ে ইনজুরি টাইমে মাঠ ছাড়লে ড্র করার একটা সুযোগ আসে সকারের সামনে। কিন্তু সে সুযোগটা লুফে নিতে পারেনি সকার ক্লাব। আফসোস করছিলেন কোচ। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালের ম্যাচে বিজেএমসি অপ্রত্যাশিত সময়ে দুই গোল পেয়ে যায়। ১২ ও ১৪ মিনিটে সেটাকে কাজে লাগিয়ে আজাগুন রশিদি গোল করেন ২-০। সকার ক্লাব ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের বিদেশি ফুটবলারদের মধ্যে একেবারেই সমন্বয় ছিল না। বেনিনের ওয়াসিও, লাইবেরিয়ান অ্যান্থনি, নাইজেরিয়ান ভিক্টরি। কেউ দেশি খেলোয়াড়দের সাথে নিয়ে খেলাটা সাজাতে পারেনি। তার উপর রেফারি ভুবন মোহন তরফদারের কিছু সিদ্ধান্ত নিয়ে তর্ক করতে গিয়ে নিজেদের খেলার সৌন্দর্য নষ্ট করেছেন বিদেশিরা। তারপরও বিজেএমসিকে গোল ফিরিয়ে দেয়ার মতো খেলাটা উপহার দিয়ে এবার বিজেএমসির জালে বল পাঠায় সকার ক্লাব। ম্যাচ শুরুতে গোল পেয়ে যাওয়ায় বিজেএমসির গোলকিপার আমিনুল ছিলেন অপ্রস্তুত এবং গোলপোস্টের নিচে তার শরীরি ভাষা দেখে মনে হলো আমিনুল অমনযোগী। সে সুযোগটা কাজে লাগায় সকার ক্লাবের তরুণ ফুটবলার সজিব। ম্যাচের ৭৬ মিনিটে বিজেএমসির দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান সজিব ১-২। ব্যবধানটা কমিয়ে সকার ক্লাব যেন মাথা চাড়া দিয়ে উঠে সমতা আনার জন্য। কিন্তু ভাগ্য খারাপ তাদের, গোলদাতা সজিব একা বল নিয়ে ঢুকেও শট করতে পারলেন না বিজেএমসির জালে। তাকে বাধা দিয়ে বল কেড়ে নেন বিজেএমসির অধিনায়ক ডিফেন্ডার অমিত খান শুভ্র। গোলের হাফ চান্স নষ্ট করে দিয়ে দলকে বাঁচান শুভ্র। আবারও সুযোগ পেয়েছিল সকার ক্লাব। ম্যাচের ইনজুরি টাইমে বিজেএমসির গোলকিপার আমিনুল ব্যথা পেয়ে মাঠ ছাড়লে স্ট্যান্ডবাই গোলকিপার নামাতে পারেনি বিজেএমসি। কারণ তার আগেই তিনজন পরিবর্তনের কোটা পূরণ হয়ে যায়। স্ট্রাইকার রশিদিকে গোলকিপারে দায়িত্ব দেয়া হয়। সকার ক্লাব এই সুযোগটা নিতে পারল না অনভিজ্ঞতার কারণে। ম্যাচের দু্ই মিনিট ছিল, দূর থেকে গোলপোস্ট লক্ষ্য করে শট নিলে গোল হতেও পারত। কিন্তু তা না করে রক্ষণভাগ থেকে শুরু করতে গিয়ে সহজ বল গ্রিপ করে ঠেকিয়ে দেন রশিদি। হার নিয়েই মাঠ ছাড়তে হলো ১০ খেলায় ৩ পয়েন্ট পাওয়া ফেনীর দলটিকে। আজকের খেলা মুক্তিযোদ্ধা ঃ শেখ জামাল (গোপালগঞ্জ স্টেডিয়াম, ৩টা) মোহামেডান ঃ শেখ রাসেল (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৪টা ৩০)