প্রথমবারের মতো উপস্থাপনায় আসছেন ক্লোজআপ ওয়ান তারকা এবং তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী মুহিন। দিগন্ত টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে সংগীতভিত্তিক নতুন অনুষ্ঠান ‘মিউজিক ওয়েভ’। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই উপস্থাপনায় অভিষেক হতে যাচ্ছে তরুণ এই কণ্ঠশিল্পীর। লুত্ফর হাসানের প্রযোজনায় ‘মিউজিক ওয়েভ’ অনুষ্ঠানটি প্রতি রবিবার রাত ৯টা ৫ মিনিটে নিয়মিতভাবে প্রচার হবে। উপস্থাপনা প্রসঙ্গে মুহিন বলেন, ‘অনুষ্ঠানের প্রযোজক লুত্ফর হাসানের উত্সাহে আমি উপস্থাপনা করতে সাহস করেছি। অনুষ্ঠানটি সংগীতকেন্দ্রিক বলে উপস্থাপক হিসেবে খুব বেশি বেগ পেতে হচ্ছে না। তবে প্রথম শুটিংয়ের দিনে কিছুটা নার্ভাস ছিলাম।’ তিন বিভাগে ভাগ করা এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন তারকাশিল্পীর সঙ্গে আড্ডা, কালজয়ী গানের গল্প আর রেকর্ডিং স্টুডিওর খবরাখবর থাকবে।
