দিল্লিতে পার্লামেন্টে হামলা

আফজাল গুরুর ফাসির রায় কার্যকর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
দিল্লিতে ভারতের পার্লামেন্টে হামলার ঘটনায় আফজাল গুরুর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। প্রেসিডেন্টের কাছে করা ক্ষমার আবেদন বাতিল হয়ে যাওয়ার পর দিল্লির তিহার জেলে তার ফাঁসির রায় কার্যকর করা হয়। শনিবার সরকারের পক্ষ থেকে জানানো হয় সকাল ৭টা ৩০ মিনিটে তার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র সচিব এ খবর নিশ্চিত করেছেন। ২০০৪ সালে গুরুর ফাঁসির আদেশ দেয়া হয়। ২০০১ সালে পার্লামেন্টে হামলার ঘটনায় ৮ পুলিশসহ ৯ জন নিহত হয়। ্এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জঙ্গিও নিহত হয়। এ ঘটনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। গুরুর বিরুদ্ধে পার্লামেন্টে হামলার ষড়যন্ত্রের এবং হামলায় জড়িতদের আশ্রয় দেয়ার অভিযোগ প্রমাণিত হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জয়শ-ই-মুহাম্মদের একজন সদস্য। সংগঠনটি ভারতীয় কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে। তার স্ত্রী প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছে তার পক্ষ থেকে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল। ফাঁসির রায় কার্যকরের ঘোষণার পরপরই কাশ্মিরে কারফিউ জারি করা হয়। সহিংসতার আশংকায় রাজনীতিবিদদের দিল্লি ছেড়ে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আফজাল গুরুর বিচারে বড় ধরনের ত্রুটি রয়েছে এরকম দাবি করে তার পক্ষে প্রচারণা চালিয়েছিল আইনজীবীসহ অনেকে। তাদের দাবি তার বিরুদ্ধে বেশ কিছু জাল প্রমাণাদি দাখিল করেছে পুলিশ। তার মুক্তির দাবিতে কাশ্মিরে বিক্ষোভও হয়েছে।