পূর্ব চীন সাগরে অবস্থিত কতকগুলো দ্বীপের দখল নিয়ে চীন-জাপান বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি জাপানের যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের রাডার সিস্টেম অকেজো করে দেয়া নিয়ে সেই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে যুদ্ধজাহাজের রাডার অকেজো করা নিয়ে জাপানের অভিযোগ অস্বীকার করেছে চীন। জাপান ইচ্ছাকৃতভাবে চীনের বিরুদ্ধে কুত্সা রটাচ্ছে বলে পাল্টা দাবি চীনের। — খবর বর্তমান পত্রিকার
গতমাসে পূর্ব চীন সাগরে জাপানের টহলদারি ছোট যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের নজরদারি রাডার বন্ধ হয়ে যায়। চীন উন্নত প্রযুক্তির সাহায্যে সেগুলো অকেজো করে দেয় বলে অভিযোগ তোলে জাপান। এ ব্যাপারে তারা দূতাবাস মারফত বেইজিংকে অবহিত করে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপানের অভিযোগ সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘কাণ্ডজ্ঞানহীন’। জাপান ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক স্তরে চীনের ভাবমূর্তি নষ্ট করছে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, জাপানের অভিযোগের কারণে চীনের নৌবাহিনীর রুটিন প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, নতুন করে বিতর্কিত দিয়াউ দ্বীপের জরিপের কাজও শুরু করেছে চীন।
