নেপালের নির্বাচন তত্ত্বাবধান করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ‘জাতীয় ঐক্যমতের সরকারের প্রধান’ হিসেবে বিরোধী দলগুলোর কাছে প্রস্তাব রেখেছেন দেশটির মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। ঐক্যমতের সরকার গঠিত হলে কোন শর্তে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি, সে বিষয়ে বৃহস্পতিবার মাওবাদী সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এদিকে, দেশটির প্রধান বিরোধী দলগুলো বলেছে, ক্ষমতা ধরে রাখার জন্য এটি সরকারের একটি ‘নতুন চাল’। দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা অবসানে সরকার আন্তরিক নয় বলেও অভিযোগ করে তারা। নেপালের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ছয় দিনব্যাপী সম্মেলন বৃহস্পতিবার শেষ করে ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)। এর আগে, চলতি বছরের মে মাসে নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা প্রকাশ করেন সাবেক মাওবাদী বিদ্রোহী নেতা বর্তমান প্রধানমন্ত্রী বাবুরাম। জাতীয় নির্বাচন তত্ত্বাবধান করার জন্য একটি জাতীয় ঐক্যমতের সরকারের প্রস্তাবে রাজি আছেন বলেও জানান তিনি। ঐক্যমতের সরকার গঠিত হলে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে তখন কিছু না বললেও সম্মেলন শেষে তিনি এ বিষয়ে শর্ত জুড়ে দেন।
