এক বছরের জন্য দায়িত্ব পেলেন জার্গেনসেন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পেলেন শেন জার্গেনসেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট অপারেশন্স কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল শনিবার এ তথ্য জানান। । রিচার্ড পাইবাসের পদত্যাগের পর জার্গেনসেনকে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দুইমাসের দায়িত্ব দেয়া হয়েছিল। এরপর থেকে পদটি খালি পড়ে ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক বিজ্ঞাপন দিয়েও এই পদের জন্য আশানুরূপ কাউকে পায়নি। আবেদন পড়েছিল মাত্র চারটি। তাতে ভাল মানের কেউ ছিলেন না। তাই প্রধান কোচ নিয়োগ নিয়ে দ্বিধায় পড়ে যায় বিসিবি। অবশেষে কাল ক্রিকেট অপারেশন্স কমিটির সভায় জার্গেনসেনকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়। অস্ট্রেলিয়ান এই কোচ এতদিন মূলত জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি নিউজিল্যান্ডেরও বোলিং কোচ ছিলেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘যাদের প্রোফাইল আমাদের কাছে এসেছে, তাদের তুলনায় জার্গেনসেনকে ভালো মনে হয়েছে। তাই তাকেই আমরা বেছে নিয়েছি’। জাতীয় দলের নতুন ট্রেনারের দায়িত্ব দেয়া হয়েছে ষ্টুয়ার্ট কার্পিনেনকে। তবে দলটির সহকারি কোচ নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই কাউকে চূড়ান্ত করবে না বলে জানিয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞাপনের মাধ্যমে সহকারি কোচ নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ। সহকারি কোচ হিসেবে যাদের নাম আলোচনায় উঠেছিল বিসিবি আপাতত তাদের কাউকেই নিয়োগ দেবে না। জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাহমুদ সুজন এই পদে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা সবাইকে সুযোগ দিব। বিজ্ঞাপনের মাধ্যমে আবেদন করতে হবে। সেখান থেকে বাছাই করে আমরা সহকারি কোচ নিয়োগ দেব। তবে শ্রীলংকা সফরের আগে জাতীয় দল সহকারি কোচ পাবে কিনা তা এখনি বলা যাচ্ছে না।’