পিএসএল নিয়েও হোঁচট খেলো পিসিবি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
নিরাপত্তা নিয়ে ভীতির কারণে আগে থেকেই সংশয়ের মধ্যে থাকা পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিভিত্তিক লিগটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংগঠকরা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নামের প্রস্তাবিত টুর্নামেন্টটি এ বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফ্রাঞ্চাইজিভিত্তিক এ লিগটি স্থগিতের ঘোষণা দেয়ার সময় অবশ্য খেলোয়াড়দের তরফে ‘ব্যাপক সাড়া’ পাওয়ার দাবি করে। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অভিপ্রায়ে পিসিবি ২৬ মার্চ পিএসএল শুরু করতে চেয়েছিল। পিসিবি’র পক্ষ থেকে স্থগিতের কারণ হিসেবে জানানো হয়, পাঁচটি ফ্রাঞ্চাইজি কেনার জন্য আগ্রহীদের আরো সময় দিতে এবং অন্যান্য ক্রিকেট টুর্নামেন্টের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আপাতত এ সিদ্ধান্ত নেয়া হয়। লাহোরে ২০০৯ সালে সফরকারী শ্রীলংকা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে আর কোন দেশ পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি। দেশটিতে বোমাবাজি ও সহিংসতা নিত্যদিনের ব্যাপার। গত মাসে বাংলাদেশ ক্রিকেট দলও পাকিস্তানে পূর্ব প্রতিশ্রুত সফরে যেতে অস্বীকৃতি জানায়। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিফাও বিদেশি খেলোয়াড়দের পিএসএল-এ খেলতে না যেতে পরামর্শ দেয়। কিন্তু পিসিবি দাবি করে প্রায় ৮০ জন বিদেশি খেলোয়াড় পিএসএল-এ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। পাকিস্তানের একটি ওয়েবসাইটকে পিএসএলের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার বাট বলেন, ‘পিএসএল পৃষ্ঠপোষক, সমপ্রচারকারী ও খেলোয়াড়দের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। কিন্তু আরো কিছু বিনিয়োগকারী অন্যান্য স্বত্বের ব্যাপারে আমাদেরকে সময় দিতে অনুরোধ জানায়।’ তিনি অবশ্য লিগটির নতুন কোন দিনক্ষণ জানাননি। তবে পাকিস্তানের গণমাধ্যমে আশংকা করা হয়েছে মে মাসে সেদেশে সাধারণ নির্বাচন হবে বলে লিগটি সহসা আয়োজন করা কঠিন হবে। কিন্তু পিসিবি প্রধান জাকা আশরাফ দাবি করেছেন আরো কিছু সময় মেলার কারণে তাদের পক্ষে প্রস্তুতির জন্য ভাল সুযোগ মিলবে।