শ্রীলংকা সফরে বিশ্রামে থাকতে পারেন সাকিব আল হাসান। পুরানো ‘শিন’ ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় নির্বাচকরা ঝুঁকি নিতে চাইছেন না তাকে নিয়ে। আবার শোনা যাচ্ছে বিশ্রাম নিয়ে এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যেতে পারেন সাকিব।
সাকিবের পাশাপাশি জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান জিয়া, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের ছোট-খাটো ইনজুরি রয়েছে। তাদের ব্যাপারে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
সব মিলিয়ে আসন্ন শ্রীলংকা সফরের দল নির্বাচনে নির্বাচক কমিটিকে সমস্যায় পড়তে হতে পারে।
ক্রিকেট অপারেশন্স কমিটির সভা শেষে প্রধান নির্বাচক আকরাম খান গতকাল শনিবার এ ব্যাপারে বলেন, ‘সাকিবসহ অনেক খেলোয়াড় রয়েছেন যারা ছোট-খাটো ইনজুরিতে আক্রান্ত। তাদের ইনজুরি দেখে অন্যদের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া যাবে’।
যদিও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘আমাদের এই মুহূর্তে চার-পাঁচজন খেলোয়াড় ইনজুরিতে রয়েছেন। এই চার-পাঁচজন খেলোয়াড়দের সবাই বিপিএল খেলছে। আমরা তাদেরকে পর্যবেক্ষণ করবো। যদি এমন হয়, কিছুদিনের বিশ্রামের ফলে এরা পুরো সফরে (জাতীয়) দলের সাথে থাকতে পারবেন তাহলে আমরা ফ্রাঞ্চাইজিগুলোকে অনুরোধ করবো যেন বিপিএলের বাকি ম্যাচগুলোতে তাদের না খেলানো হয়। আমরা ইতিমধ্যে ফিজিওকে বলেছি, ছোট-খাটো ইনজুরিতে যারা রয়েছেন তাদের পর্যবেক্ষণ করতে। এরপর ফ্রাঞ্চাইজিগুলোকে অনুরোধ করবো’।
কিন্তু সাকিবের ইনজুরি কি এতটাই মারাত্মক যে তিনি শ্রীলংকা সফরে যেতে পারবেন না? গুঞ্জন আছে, বিশ্রাম নিয়ে আইপিএল খেলতে যেতে পারেন সাকিব। এমনটা ঘটলে বোর্ডও কঠোর হবে উল্লেখ করে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘এটা হবে না। আগে জাতীয় স্বার্থ তারপর অন্য কিছু। আমরা ইতিমধ্যে ফিজিওকে বলেছি। সাকিবকেও কিছুদিন বিশ্রাম দিয়ে তাকে ফিট করা যায় কিনা সে ব্যাপারে আমরাই সিদ্ধান্ত নিব’।
বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরি অবশ্য বলেছেন, ‘সাকিবের এখন যে ইনজুরি তাতে তাকে দীর্ঘ পরিসর ক্রিকেট না খেলানো ভালো। টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারেন। তবে দীর্ঘ পরিসর ক্রিকেট নয়’। ইনজুরির জন্য শেষ পর্যন্ত জাতীয় দলের তারকা খেলোয়াড়দের পাওয়া না গেলে এবারের বিপিএলে নতুন যারা ভালো খেলেছে তাদের ভাগ্য খুলে যেতে পারে বলে জানিয়েছে বিসিবি। কাল ক্রিকেট অপারেশন্স কমিটির সভা শেষে প্রধান নির্বাচক আকরাম খানের কথাতে সেরকম ইঙ্গিতই পাওয়া গেছে।
