ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে খেলতে বুধবার দিল্লী যাবে বাংলাদেশ দল। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ শক্তিশালী আয়ারল্যান্ড।
ছয় দেশের লড়াইয়ে দু’টি দল তৃতীয় পর্বে উঠবে। কিন্তু বাংলাদেশের সুযোগ কম। কারণ ওমান ছাড়া অন্য চার দেশ অনেক বেশি শক্তিশালী। তাদের সাথে বাংলাদেশের পেরে ওঠা কঠিন। তারপরও গতকাল হকি ফেডারেশনের আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক জাহিদ হোসেন জানিয়েছেন তাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার।
বেলজিয়াম থেকে আসা বাংলাদেশের উপদেষ্টা কোচ ১০দিন খেলোয়াড়দের তালিম দিয়েছেন। বেলজিয়াম কোচ ৮ ফেব্রুয়ারি দেশে ফিরে গেছেন। দিল্লীতে বাংলাদেশ হকি দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত পেট্টোলিয়াম অথবা এয়ার ইন্ডিয়া দলের বিরুদ্ধে। গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয় দিল্লী সফরের জন্য বাংলাদেশের ব্যয় হবে ২৬ লাখ টাকা। ইউসিবি ব্যাংক দিবে ১০ লাখ টাকা। মেনজ ক্লাব ও লোটো দিচ্ছে খেলোয়াড়দের পোশাকসহ অন্যান্য সামগ্রী। ফেডারেশন সহ-সভাপতি সাবেক তারকা খেলোয়াড় আব্দুস সাদেক বিমান ভাড়া দেবেন।
