উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল শেষে উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বড়াকোটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম হাওলাদার, রবিউল ইসলাম তালুকদার, কামরুল ফকির, জাহিদ হোসেন সিকদার, সুমন সিকদার, সংগ্রাম, আসাদ হাওলাদার, অরুপ হালদার, খায়রুল বাশার লিটন প্রমুখ। বক্তারা এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে তার অপসারণ দাবি করেন। উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ কিছুদিন পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ভূমিসহ প্রশাসনের বিভিন্ন সেক্টরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি’র কাছে লিখিত অভিযোগ করেন।
