দামুড়হুদায় থানার ভিতরে দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
দামুড়হুদা যুবলীগের দুই গ্রুপের মধ্যে ভিজিডি কার্ড ভাগাভাগি নিয়ে থানার ভিতরে সংঘর্ষের ঘটনায় ইউপি মেম্বরসহ ৫ জন আহত হয়েছে। উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দামুড়হুদা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার জাহিদুুল গ্রুপ ও যুবলীগ নেতা ইউসুফ গ্রুপের মধ্যে ভিজিডি কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে শুক্রবার দামুড়হুদা সোনালী ব্যাংকের সামনে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন বিকালে জাহিদুল ও তার লোকজন দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করতে গেলে ইউসুফ গ্রুপ থানার ভেতরে প্রবেশ করলে উভয় গ্রুপ-এর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে যুবলীগ নেতা জাহিদুল মেম্বার , কামরুল বাশারসহ ৫ জন গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ২টি গ্রুপকেই ছত্রভঙ্গ করে দেয়। দামুড়হুদার মডেল থানার কর্মকর্তা আহসান হাবিব থানার ভেতরে সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে থানায় দায়িত্বরত কর্মকর্তারা তাদের দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়।