সেক্টর কমান্ডারস ফোরাম ‘১৯৭১ নামের একটি পত্রিকা এবং www.scf1971.org নামে একটি ওয়েব সাইট প্রকাশ করেছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম। আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত বীর উত্তম, সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, বীর উত্তম, ভাইস চেয়ারম্যান ও সেক্টর কমান্ডার লে. কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মুক্তিযোদ্ধা হারুন হাবীব, ‘১৯৭১’ পত্রিকার সম্পাদক ও সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক কেয়া চৌধুরী, কার্যনির্বাহী সদস্য তুষার আমিন প্রমুখ।
এ কে খন্দকার বীর উত্তম বলেন, তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে সেক্টর কমান্ডারস ফোরাম। কে এম সফিউল্লাহ বলেন, শারীরিকভাবে আমরা এত দুর্বল হয়ে যায়নি যে, যুদ্ধাপরাধীদের ফাঁসির আন্দোলনকে বেগবান করতে পারবো না। সি আর দত্ত বলেন, তরুণ-তরুণীরা কিভাবে আন্দোলনকে এগিয়ে নেবে, সে বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনায় বসা প্রয়োজন।
