জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে জরুরি ভিত্তিতে জলবায়ু তহবিল থেকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট পরিবেশবাদীরা।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক কর্তৃক ‘জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় নীতিমালাসমূহের বাস্তবায়ন: আমাদের অভিজ্ঞতা’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় গতকাল আলোচকরা এ আহ্বান জানান। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদ, সাংবাদিক কাওসার রহমান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির মোস্তফা হোসেন চৌধুরী জলবায়ু নেটওয়ার্কের মীজানুর রহমান বিজয় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
কামরুল ইসলাম চৌধুরী জলবায়ু পরিবর্তন, এর কারণ, বিরূপ প্রভাব ও ঝুঁকি, আন্তর্জাতিক ও জাতীয় প্রয়াস ও কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশ জলবায়ু সহিষ্ণু টেকসই উন্নয়নের পথে হাঁটতে শুরু করেছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম-পরিকল্পনা ও জলবায়ু অভিযোজন কর্মপরিকল্পনা অনুসরণ করে জলবায়ু ট্রাস্ট ফান্ড ও রিজিলিয়েন্স ফান্ড থেকে কর্মসূচি নির্বাচন ও বরাদ্দের ওপর তিনি জোর দেন।
ড. আহসান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশে দারিদ্র্যের নতুন নতুন পকেট ছড়িয়ে পড়ছে। তাই জলবায়ু তহবিলের অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রতিটি প্রকল্প নির্বাচনে জলবায়ুমনষ্ক হতে হবে।
কাওসার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত প্রকল্পগুলো কতোটা জলবায়ু সংশ্লিষ্ট তা খতিয়ে দেখার পরামর্শ দিয়ে বলেন, প্রকল্প যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আরো যত্নবান হওয়া প্রয়োজন।
মোস্তফা চৌধুরী জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিক কর্মশালার ওপর জোর দেন।
