ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘প্রথম সূর্যের গল্প’-এর শুটিং সম্প্রতি সম্পন্ন হলো ঢাকার বিভিন্ন লোকেশনে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম ও তিশা প্রমুখ।
নাটকটির কাহিনীতে দেখা যাবে—ইতি ও অবাক দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে। এক বছর পর তারা দেখা করে। মেয়েটা ছেলেটার সম্পর্কে তেমন কিছুই জানে না। জানে শুধু ছেলেটা কবিতা লিখে আর ম্যাজিকের মতো কথা বলে। ইতি দেখা করতে এসে দেখে অবাক পরিবাগ রাস্তার উপর পথশিশুদের পড়ায়... এবং অনেক সহজ সরল খুব সাধারণ একটা ছেলে। দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। মজার ব্যাপার হলো দুজন দুজনকেই ভালোবাসে... কিন্তু বলতে পারে না। হঠাত্ একদিন ইতি জানায় তার বিয়ে ঠিক হয়েছে। আকদ্-এর সময়টিও জানায়। অবাক কি করবে বুঝতে পারে না। ইতি জানায় আকদ্ হলেও আকদে্র তিনদিন পর সে অবাকের সাথে দেখা করতে আসবে। তিনদিন পরে ঠিকই দেখা করতে আসে ইতি... অবাকের ভালো লাগে... বেশ কিছুদিন পর অবাক একসময় হাসপাতালে এসে দেখে ইতি কোমায় শুয়ে আছে...। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী। নাটকটি বাংলাভিশনে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।
