সংগীত প্রতিভা অন্বেষণভিত্তিক দেশের বৃহত্তম রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ শীঘ্রই শুরু হতে যাচ্ছে মৌলিক গানের রাউন্ড। এই রাউন্ডে প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগী গাইবে তাদের জন্য প্রস্তুত করা ১০টি মৌলিক গান। যেকোনো দর্শকের লেখা এই গান গাইবেন তারা। এরইমধ্যে অনেকেই এই অনুষ্ঠান কর্তৃপক্ষের নিকট গান লিখে পাঠানো শুরু করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যত গান আসবে তা থেকে ১০টি গান বাছাই করেই গাইবেন তারা। একাধিক গান পাঠানোরও নিয়ম রেখেছে কর্তৃপক্ষ। আর বাছাইকৃত এই গানগুলোর সুর করবেন দেশের বিশিষ্ট সুরকারগণ। বাছাইকৃত সেরা ১০ গীতিকারকে ক্লোজআপ ওয়ানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হবে এবং তাদের পাঠানো গান নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এ ছাড়াও মৌলিক গানের পর্বে তাদের বিশেষভাবে আমন্ত্রিত করা হবে।
