সাড়ে তিন মাস পর ডিএসই’র লেনদেন চারশ’ কোটির উপরে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩০
বস্ত্র খাতের কোম্পানিগুলোর প্রভাবে গতকাল শেয়ারবাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এতে প্রায় সাড়ে তিন মাস পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে চারশ’ কোটির ঘরে। এর আগে ৩১ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৩ কোটি টাকা। এদিকে গতকাল বস্ত্র খাতের কোম্পানিগুলার পাশাপাশি অন্য খাতেরও লেনদেন বেড়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৪৮ পয়েন্ট আর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৫০ লাখ ৭০ হাজার ৯৭৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি ৩৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৫ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে ২৭৫ টি কোমপানির ১০ কোটি ৬৮ লাখ ২৮ হাজার ৮২৮ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক ১৩৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা। লেনদেনকৃত ১৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণ-১ ও গ্রামীণ-২ মিউচুয়াল ফান্ডের নিট সম্পদমূল্য (এনএভি) গতকাল প্রকাশ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার দরের ওপর ভিত্তি করে গ্রামীণ-১ মিউচুয়াল ফান্ডের এনএভি দাঁড়িয়েছে ২৭ দশমিক ৭৬ টাকা এবং উত্পাদন ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি ইউনিটের এনএভি দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯২ টাকা। এ সময়ের মধ্যে গ্রামীণ-১ মিউচুয়াল ফান্ডের আকার ৭০ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৩৯৬ টাকা। অন্যদিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার দরের ওপর ভিত্তি করে গ্রামীণ-২ মিউচুয়াল ফান্ডের এনএভি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩১ টাকা এবং উত্পাদন ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি ইউনিটের এনএভি দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৪ টাকা। এ মিউচুয়াল ফান্ডটির আকার দাঁড়িয়েছে ২১০ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৩৪২ টাকা।