দেশের মেধাসম্পদের অধিকার সংরক্ষণ এবং শিল্প উদ্ভাবন ও জিআই পণ্যের মালিকানা সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতর (ডিপিডিটি)। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর সহায়তায় প্রতিষ্ঠানটির আধুনিকায়ন (অটোমেশন) কর্মসূচির অংশ হিসেবে এ ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এটি সম্পন্ন হলে পণ্যের পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস নিবন্ধনের ক্ষেত্রে বিশ্বমানের সেবা পাওয়া যাবে। শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ গতকাল আনুষ্ঠানিকভাবে এ অটোমেশন কর্মসূচির উদ্বোধন করেন। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ উদ্দিন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড-এর প্রোগ্রাম ম্যানেজার ড. মাশরুর রিয়াজ, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতরের রেজিস্ট্রার মোঃ আবদুর রউফ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুল কবীর চৌধুরী ও আ.ফ.ম. মাহবুবুল আহসান বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতর (ডিপিডিটি) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তির আওতায় এ অটোমেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি ছাড়াও ট্রিপস চুক্তির সাথে সমন্বয় করে বাংলাদেশে বিদ্যমান মেধাসম্পদ সম্পর্কিত আইনের আধুনিকায়ন ও প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশের জন্য একটি জাতীয় মেধাসম্পদ নীতি ও কৌশল প্রণয়ন এবং ডিপিডিটি‘র প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা হবে।
উত্তরা ইপিজেডে দেশীয় গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে বিনিয়োগ
উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় মেসার্স ইন্ডিপেনডেন্ট এক্সপোর্ট (বিডি) লিঃ নামে একটি বাংলাদেশি কোম্পানি গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করবে। বার্ষিক ২২ হাজার ৪৩০ মেট্রিক টন উত্পাদন ক্ষমতাসম্পন্ন দেশীয় মালিকানাধীন এই শিল্পে ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের পলিব্যাগ, ব্যাক বোর্ড, নেক বোর্ড, পেপার লেবেল, প্লষ্টিক হ্যাঙ্গার, কার্টন বক্স, হ্যাঙ্গ ট্যাগ ও প্রাইস লেবেল তৈরি করবে। ইন্ডিপেনডেন্ট এক্সপোর্ট কারখানায় ৭৪৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই উপলক্ষে সম্প্রতি ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স ইন্ডিপেনডেন্ট এক্সপোর্ট (বিডি) লিমিটেডের মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য বিনিয়োগ উন্নয়ন সৈয়দ নূরুল ইসলাম এবং মেসার্স ইন্ডিপেনডেন্ট এক্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লীজ চুক্তিতে স্বাক্ষর করেন। -প্রেস বিজ্ঞপ্তি
