রিয়াল মাদ্রিদের সহকারী ম্যানেজার এইটর কারাঙ্কা বিশ্বাস করেন সঠিক সময়ে জ্বলে উঠেছে তার দল। গত শনিবার লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৪-১ গোলের ব্যবধানে হারায় সেভিয়াকে।
স্প্যানিশ চ্যাম্পিয়নরা আগামী বুধবার এই সান্তিয়েগো বার্নাব্যুতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেডের। কারাঙ্কা আশা করছেন রোনালদো তার ফর্ম ধরে রাখতে পারবেন তার সাবেক ক্লাবের মুখোমুখি লড়াইয়ে। কারাঙ্কা বলেন,‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দলে ক্রিস্টিয়ানোর মত খেলোয়াড়ের এমন ফর্ম এই সময়ে রয়েছে।’
কোচ হোসে মরিনহো বুধবারের ম্যাচটিকে মাথায় রেখে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেন। ম্যাচের ১৭ মিনিটে করিম বেনজামা দলকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। এরপর রোনালদো জ্বলে উঠে হ্যাটট্রিক করেন। ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মানু ডেল মোরাল। পর্তুগালের অধিনায়ক রোনালদোর রিয়াল মাদ্রিদের হয়ে ২০তম হ্যাটট্রিক এটি। তবে ম্যাচের ৬৬ মিনিটে মাদ্রিদের গঞ্জালো হিগুয়েইন জোড়া হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। প্রতিপক্ষ দলের হেউউগসও ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে লাল কার্ড দেখেন। ক্যারিয়ারে রোনালদোর ২১তম হ্যাটট্রিক এটি এবং এর মধ্যে লা লিগায় করেছেন ১৭টি। চলতি মৌসুমে লা লিগায় তার গোলসংখ্যা ২৪টি। মেসি শীর্ষ গোলদাতা। রোনালদো রয়েছেন দ্বিতীয়স্থানে।
ইউনাইটেডের ম্যাচের আগে এমন খেলায় আশাবাদি কারাঙ্কা। তিনি বলেন,‘একটি দিনের অতিরিক্ত বিশ্রাম রয়েছে। দল বদলে ফল পাওয়া গেছে। আর কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রাখাটাও ভাল হয়েছে। আমরা দেখতে চাই তারা আগামীকাল (গতকাল) কোন খেলোয়াড়দের খেলায়।’ গতকাল রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের।
বার্সেলোনা ও গেটাফের ম্যাচটি গতকাল বাংলাদেশ সময় বিকাল ৫টায় ছিল। বার্সেলোনা কালকের ম্যাচের আগে ২২ খেলা শেষে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। অ্যাতলেটিকো মাদ্রিদ সমান ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে ছিল দ্বিতীয়স্থানে এবং রিয়াল মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলে ৪৬ পয়েন্ট নিয়ে ছিল তিন নম্বরে। বার্সেলোনা কাল জিতে গেলে পয়েন্ট টেবিলে তারা রিয়াল মাদ্রিদ থেকে ১৬ পয়েন্টেই এগিয়ে থাকবে। রিয়াল মাদ্রিদের হয়ে এদিন মেসুত ওজিল ছিলেন না। তবে ছিলেন ব্রাজিলের কাকা।
মালাগা চতুর্থস্থানেই রয়েছে। ২-১ গোলে তারা লেভান্তেকে হারায়। আগামীকাল মঙ্গলবার ভ্যালেন্সিয়ার ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। সেখানে তাদের প্রতিপক্ষ জাতান ইব্রাহিমোভিচের প্যারিস সেইন্ট জার্মেইন। সেল্টা ভিগোকে ১-০ গোলে হারায় ভ্যালেন্সিয়া।
শনিবারের ফলাফল
মার্য়োকা ১ ওসাসুনা ১
সেল্টা ভিগো ০ ভ্যালেন্সিয়া ১
লেভান্তে ১ মালাগা ২
ডিপোর্টিভো লা করুনা ০ গ্রানাডা ৩
রিয়াল মাদ্রিদ ৪ সেভিয়া ১
