তৃতীয় স্থান পেল মালি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫০
আফ্রিকান নেশন্স কাপে তৃতীয় স্থান লাভ করেছে মালি। তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচে গতকাল রবিবার পোর্ট এলিজাবেথে তারা ঘানাকে ৩-১ গোলে হারায়। মামাদোউ সামাসার গোলে প্রথমার্ধে মালি এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক সেইডু কেইটা দলকে ২-০ লিড এনে দিলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় মালির জয়। পরে নাইজেরিয়ার পক্ষে কাওয়াদো আসামোয়াহ ব্যবধান কমিয়েছেন। কিন্তু সিগামারা দিয়ারা মালির পক্ষে তৃতীয় গোলটি করলে ঘানার পক্ষে আর পরাজয় আটকানো সম্ভব হয়নি। আসামোয়ার গোলের আগে অবশ্য মুবারাক ওয়াকাসো পেনাল্টি সুযোগ মিস না করলে আরো আগেই ব্যবধান কমাতে পারত ঘানা । ম্যাচের শুরুটা অবশ্য অন্যরকম কিছু ঘটারই ইঙ্গিত দিচ্ছিল। মালি যখন ব্যস্ত ছিল নিজেদের গুছিয়ে নেয়ার কাজে ততক্ষণে ঘানা তাদের প্রতিপক্ষের অর্ধে বেশ কিছু আক্রমণ করে ফেলে। তবে ঘানার স্ট্রাইকারদের ভুলে মালির গোলরক্ষক দাউদা দিয়াকাইটকে বড় কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। সময় গড়ানোর সাথে সাথেই মালি তাদের আক্রমণের ধার বাড়াতে থাকে। সামাসার দারুণ একটা প্রচেষ্টা দক্ষতার সাথে রুখে দেন ঘানার গোল রক্ষক ফাতাউ দাউদা। তবে দ্বিতীয় দফায় তাকে পরাস্ত করতে খুব বেশি সময় নেননি সামাসা। ম্যাচের ২১ মিনিটে আদামা তামবোউরা ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। এর ঠিক পরপরই আসামোয়ার শট বার ঘেষে বেরিয়ে গেলে সমতা আনার সুযোগ হারায় ঘানা । দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা দারুণ জমে ওঠে। ডান প্রান্ত থেকে অসম্যান কোলিবালির বাড়ানো বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কেইটা। এর কিছুক্ষণ বাদেই মালির ডিবক্সে সালিফ কোলিবালির হাতে বল লাগার অপরাধে ঘানার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল তার হাতে লাগেনি। ‘কাব্যিক বিচার’ হয়তো একেই বলে! কারণ ওয়াকাসোর নেয়া পেনাল্টি শট চলে যায় বার উঁচিয়ে। অবশেষে ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান কমাতে সমর্থ হয় ঘানা। জুভেন্টাস মিডফিল্ডার আসামোয়ার নেয়া দূরপাল্লার শট জালে জড়ালে ম্যাচের ফল দাঁড়ায় ২-১। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দিয়ারা ঘানার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ফলে নিশ্চিত হয়ে যায় গত বছরের পুনরাবৃত্তি করে ঘানাকে হারিয়ে এবারো ব্রোঞ্জ পদকটি সাথে নিয়েই দেশে ফিরছে মালি।