জার্মান শিক্ষামন্ত্রীর পদত্যাগ
জার্মান শিক্ষা ও গবেষণা মন্ত্রী আনেটে শাভান পদত্যাগ করেছেন। ত্রিশ বছর আগে থিসিসে নকলের অভিযোগে সমপ্রতি তার ডক্টর ডিগ্রি বাতিল হয়ে যায়। এরপর তিনি তার মন্ত্রী পদ থেকেও সরে দাঁড়ালেন। তবে তিনি সংসদ সদস্য হিসেবে থাকবেন এবং আগামি সেপ্টেম্বরে নির্বাচনে প্রার্থী হবেন। ৫৭ বছর বয়সী শাভান সাত বছর যাবত্ শিক্ষামন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি জার্মানিকে গবেষণাক্ষেত্রে বিশ্বসেরা করে তোলার জন্য যথেষ্ট কাজ করেছেন। তার উত্তরসূরি হচ্ছেন ৬১ বছর বয়সী সিডিইউ রাজনীতিক ইওহান্না ওয়াস্কা। তিনিও একজন নারী।—ডয়েচে ভেলে
থাইল্যান্ডে পাঁচ সৈন্য নিহত
থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের বোমা হামলায় রবিবার পাঁচ সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। সৈন্যদের একটি টহল যান ইয়ালা প্রদেশের একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। মালয়েশীয় সীমান্তবর্তী যে কয়েকটি মুসলিম অধ্যুষিত প্রদেশ রয়েছে ইয়ালা তার অন্যতম। পুলিশের মেজর তোর্পাহান ফুনুসটিয়াই এএফপিকে বলেন, ‘ঐ পথের আশপাশে প্রায় ১০ জঙ্গি লুকিয়ে ছিল। তারা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এটি অন্য একটি গাড়িতে পেতে রাখা হয়েছিল।’ তিনি আরো বলেন, রাবার বাগানে কর্মরত এক পুরুষ ও নারী বিস্ফোরণে আহত হয়েছেন। তোর্ফান বলেন, সৈন্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।—এএফপি
পাকিস্তানে নতুন গভর্নর
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন। সরকারি এক বিবৃতিতে শনিবার এ কথা বলা হয়। নতুন গভর্নর শওকত উল্লাহ এ নিয়োগের আগে রাজ্য ও সীমান্ত অঞ্চলের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সাবেক গভর্নর মাসুদ কাওসারের (৮৪) স্থলাভিষিক্ত হচ্ছেন। পার্লামেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নতুন গভর্নর নিয়োগের কারণ সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে নবনিযুক্ত গভর্নর রবিবার থেকে তার দায়িত্ব পালন শুরু করার কথা।—এএফপি
